ওই পরাজয় 'ভুলে' গেছেন শাস্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল অনুশীলনে ভারতীয় দল। ছবি: এএফপি
গতকাল অনুশীলনে ভারতীয় দল। ছবি: এএফপি

খুব বেশি দিন নয়, মাত্র ৮ মাস হয়েছে। কিন্তু এর মধ্যেই সবকিছু ভুলে গেলেন রবি শাস্ত্রী? মহেন্দ্র সিং ধোনির দল বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে। কিন্তু ভারতের টিম ডিরেক্টর শাস্ত্রীর যেন সেসব মনে নেই। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচটা আগামীকাল সেই বাংলাদেশের সঙ্গেই। এবার অবশ্য ওয়ানডে নয়, টি-টোয়েন্টিতে। কিন্তু স্বাভাবিকভাবেই আট মাসের আগের সেই স্মৃতি এসে ঘাঁই মেরে যাচ্ছেই! 

এশিয়া কাপ খেলার জন্য গত পরশু বাংলাদেশে এসে পৌঁছেছে ভারত। কাল ফতুল্লায় শাস্ত্রী দাবি করলেন, আগের সফরটা মনে নেই তাঁর, ‘৮ মাস আগের ঘটনা তো আমি এর মধ্যেই ভুলে গেছি। এরপর আমরা কত ক্রিকেট খেলেছি। আমাকে দুই সপ্তাহ আগে কী হয়েছে সেটাই প্রশ্ন করে দেখুন না। আমার স্মৃতি এত ভালো নয়।’
তবে যতই দাবি করুন, বাংলাদেশের মাটিতে প্রথমবার সিরিজ হারার স্মৃতির রেশ এত তাড়াতাড়ি ভোলা যায়! শাস্ত্রীর পরের কথাতেই সেটির আভাস, ‘বাংলাদেশের ক্রিকেটের এই বদলে যাওয়াটা আমার নিজের চোখেই দেখা। সেই ৯০ দশক থেকেই এখানে আমি ধারাভাষ্যকার হিসেবে আসছি। এখানে ক্রিকেট যেভাবে বিকশিত হয়েছে, বাংলাদেশ দল হিসেবে যেভাবে এগিয়েছে তাতে আমি খুশি। গত বছর তারা যেভাবে ওয়ানডে খেলেছে, তাতে কোনো দলই তাদের হালকাভাবে নিতে পারবে না। সবাই এখন তাদের সমীহ করে খেলবে।’
টি-টোয়েন্টিতে ভারত দুর্দান্ত ফর্মেই আছে। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদের হারিয়ে এসেছে ৩-০ ব্যবধানে। পরে দেশের মাটিতে পিছিয়ে পড়েও শ্রীলঙ্কাকে হারিয়েছে। জয়ের সেই অভ্যাসটাই এশিয়া কাপে শাস্ত্রী ধরে রাখতে চান, ‘জয় একটা অভ্যাসের মতো। আপনি যখন ভালো খেলবেন, সেই অভ্যাস আপনাকে ধরে রাখতে হবে। নিজের শক্তির ওপর আপনাকে জোর দিতে হবে, মনোবল নিয়ে খেলতে হবে। আত্মতুষ্টিতে ভোগা যাবে না, অতি আত্মবিশ্বাসী হলেও হবে না।’
সে জন্য প্রথম ম্যাচটা জেতার কোনো বিকল্প দেখছেন না তিনি, ‘সব সময় যে আমরা পেছন থেকে ঘুরে দাঁড়াতে চাইব এমন নয়। জয় দিয়ে শুরু করতে পারলেই তো ভালো।’ এশিয়া কাপকে সব দলই এক রকম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। ভারতও এর বাইরে নয় বলেই জানালেন শাস্ত্রী দেখছেন, ‘আগেই বলেছি, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। নিজেদের ছন্দটাই ধরে রাখতে চাইব আমরা।’
উইকেট নিয়েও খুব একটা মাথাব্যথা নেই শাস্ত্রীর, ‘উইকেট নিয়ে তেমন একটা ভাবছি না। নিজেদের খেলাটা খেলতে পারলেই হলো। প্রতিপক্ষ তো বদলাবেই। আমাদের নিজেদের কাজটাই করে যেতে হবে।’