ওই বিজ্ঞাপনটা ভালোই লাগে নাসিরের

স্টার স্পোর্টসের ওই বিজ্ঞাপনটা ভালোই লাগে নাসির হোসেনের। সেই বিজ্ঞাপনটা, যেখানে ‘বাচ্চা’ বলে সম্বোধন করা হয় বাংলাদেশ ক্রিকেট দলকে। বলেছেন, এই বিজ্ঞাপনটা নিয়ে তাঁর কিংবা তাঁর দলের কারও মধ্যেই কোনো ক্ষোভ কিংবা অসন্তুষ্টি কাজ করে না। এই বিজ্ঞাপন দেখে বাড়তি কোনো জেদও তৈরি হয়নি নিজেদের প্রমাণ করার। ‘নাসির-সুলভ’ ভঙ্গিতেই বলেছেন, ‘এই বিজ্ঞাপন নিয়ে আমরা খেলোয়াড়েরা কিছুই ভাবছি না। যা ভাবার ভাবছে দর্শকেরা। প্রতিদ্বন্দ্বিতাও করছে তারাই।’
তিন ম্যাচের সিরিজে দুটো ম্যাচ জেতা হয়ে গেছে। বাকি আছে শেষটা। ওতে জিতলেই ‘বাংলাওয়াশ’। ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে নাসিরের দিকেও ছুটে গেল ওই একই প্রশ্ন, ‘কী হবে, বাংলাওয়াশ?’ ঠিক এই প্রশ্নের উত্তরেই যেন চোয়ালটা শক্ত হয়ে উঠল তাঁর। বললেন, ‘ইনশা আল্লাহ! তবে ‘বাংলাওয়াশ’ নিয়ে ভাবছেন না তিনি। আগামীকালের খেলাটাকে শুধুই একটি খেলা ভেবে তিনি চান জয়। বাংলাওয়াশ নয়, জয়ই তাঁর লক্ষ্য,‘বাংলাওয়াশ কিংবা যা-ই বলেন না কেন, আসলে সেটা নয়; আমাদের চেষ্টা থাকবে জেতা। আমরা জয়ের জন্যই খেলব। একটু আগে ড্রেসিংরুমে টিম মিটিংয়ে কিছু কথা হলো। সেখানে একটা কথা ছিল এমন-যদি আমরা আগের দুই ম্যাচে হারতাম, তবে এ ম্যাচ আমরা কীভাবে খেলতাম, কেমন চাপে থাকতাম। কাজেই আমরা জয়ের জন্যই খেলব।’
অক্টোবর থেকে জুন-আট মাসে ঘরের মাঠে একটি ওয়ানডেও হারেনি বাংলাদেশ। এর মধ্যে রয়েছে পাকিস্তানকে ধবলধোলাইয়ের সুখস্মৃতি। এখন ভারতের সামনেও আরেকটি ধবলধোলাইয়ের হুমকি! শুধু দেশের মাটিতেই নয়, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো প্রতিকূল কন্ডিশনে বাংলাদেশ যা খেলেছে, তাতে কি নিজেদের বড় দল ভাবা যায় না?
দারুণ একটি পরিসংখ্যানই আসলে ভাবতে বাধ্য করছে তা। ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে জয়-পরাজয়ের অনুপাতে বাংলাদেশের অবস্থান দুইয়ে। এ বছরের শুরু থেকে এখনো পর্যন্ত ওয়ানডে দলগুলো যতগুলো ম্যাচ খেলেছে, তাতে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের দল খেলেছে মোট ১৩ ওয়ানডে। জিতেছে ১১ টি। জয়-পরাজয়ের অনুপাত এই মুহূর্তে অস্ট্রেলিয়া শীর্ষে। এই অনুপাতে অস্ট্রেলিয়ার ঠিক পরপরই বাংলাদেশ। এ বছর মাশরাফিরা খেলেছে ১১ ওয়ানডে। জিতেছে ৮ টি। জয়-পরাজয়ের অনুপাত ২.৬৬৬।
এসব পরিসংখ্যান কিন্তু নাসির হোসেনকে তুষ্ট করতে পারছে না। এখনই নিজেদের বড় দল বলতে রাজি নন এই ‘অলরাউন্ড’ ক্রিকেটার। নাসির মনে করেন বড় দল হয়ে উঠতে এখনো কিছু পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে ‘এখনই বলব না, যে আমরা বড় দল হয়ে উঠেছি। দুই তিনটা সিরিজ জিতেই এটা বলা যায় না। এ ছাড়া গত কয়েকটা সিরিজ জিতেছি আমরা নিজেদের কন্ডিশনে। কাজেই এখন বলতে পারছি না, আমরা বড় দল।’