ওই সময়টা মনে রাখবেন তামিম

মানুষের জীবনে খারাপ সময় আসে। আর খারাপ সময়কে ভুলে যাওয়াই নিয়ম। ব্যতিক্রম তামিম ইকবাল। খারাপ সময় তিনি ভুলে যেতে চান না। বরং এখন থেকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ইনিংসে জাগিয়ে রাখতে চান ফেলে আসা বাজে সময়ের স্মৃতিটাকে। যে সময়টা অনেক গঞ্জনা-সমালোচনার সঙ্গে তাঁকে দিয়েছে ভালো সময়ে ফেরার প্রেরণাও।
কাল মুঠোফোনে যখন তামিমের সঙ্গে কথা হচ্ছিল, বাসা থেকে তিনি যাচ্ছিলেন টিম হোটেলে। সেখান থেকে দলের সঙ্গে যাবেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়াটা যেন এখন ডালভাত হয়ে গেছে। খেলা হলেই প্রধানমন্ত্রী চলে আসছেন মাঠে। নিয়মিত ভালো খেলায় ক্রিকেটারদের জন্যও গণভবনের দুয়ার খোলাই থাকছে।
বাংলাদেশের ক্রিকেটের এই সোনালি সময়ের আরও অনেক প্রতিনিধির সঙ্গে তামিম একজন। তবে অন্যদের তুলনায় তাঁর তৃপ্তিটাই বেশি হওয়ার কথা, কারণ এটির দেখা পেয়েছেন ঝঞ্ঝাবিক্ষুব্ধ একটা সময় পেরিয়ে। এমন নয় যে ব্যাট হাতে খুব খারাপ খেলছিলেন। বিশ্বকাপেই আছে ৯৫ রানের ইনিংস। কিন্তু তামিমের কাছে দাবি থাকে যেন প্রতিটি ম্যাচেই ভালো খেলার। পরের তিন ম্যাচে রান না পাওয়ায় তাই অযাচিত সমালোচনার তিরে বিদ্ধ হতে হলো। সমালোচনার বিষ কখনো কখনো ক্রিকেট ছাপিয়ে ব্যক্তিগত জীবনেও ছড়িয়ে পড়ায় মনটাই ভেঙে যাচ্ছিল তাঁর, ‘বিশ্বাস করেন, ক্রিকেট খেলাটাই উপভোগ করছিলাম না আর।’
সবচেয়ে বেশি খারাপ লেগেছে চাচা আকরাম খানের সঙ্গে জড়িয়ে কথা বলাটা। ‘চাচা বোর্ড পরিচালক, সে জন্যই নাকি আমি খেলি! আট বছর ধরে জাতীয় দলে খেলছি। আগের সাত বছর কেন আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়নি? এটা বলা খুব সহজ যে, ওর তো পেছনে চাচা আছে। খেলতেই পারে...। কিন্তু তাতে আমার ওপর দিয়ে কী যায় সেটা কি কেউ কোনো দিন বোঝার চেষ্টা করেছেন? এসব কথা একজন ক্রিকেটারের ফিরে আসাটাকে খুব কঠিন করে ফেলে।’
তামিম সেই কঠিনকে জয় করেই ফিরে পেলেন নিজেকে। এখন সময় শুধুই সামনে এগিয়ে যাওয়ার। তবে সামনে তিনি এগোবেন বাজে সময়ের স্মৃতিকে বুকে নিয়েই, ‘আমি কখনোই আমার খারাপ সময়টা ভুলতে চাই না। আমি জানি ওই সময় আমার কেমন লেগেছে। এখন থেকে যখনই ব্যাটিং করতে যাব, খারাপ সময়টা মাথায় থাকবে। ব্যাটিং করতে নেমে সব সময় নিজেকে একটা কথা বলি—আমি কী পার হয়ে এসেছি। একটা রান করাকে মনে হতো এক শ রান করার সমান।’
পরশু থেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হচ্ছে খুলনায়। ওয়ানডেতে যে ভালো সময়টাকে খুঁজে পেয়েছেন, সেটি টেনে নিয়ে যেতে চান আরও সামনে, ‘মুশফিক যে রকম নিয়মিত রান করছে, সেটা এখনো পারিনি। ভালো ইনিংসগুলোকে টেনে নিয়ে যেতে চাই যত দূর সম্ভব, টেনে নিতে চাই ভালো সময়টাকেও।’ তবে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেও সিরিজে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই তামিমের, লক্ষ্য ছিল না ওয়ানডেতেও, ‘বিশ্বকাপ বলেন অথবা অন্য কোনো সিরিজ বা টুর্নামেন্ট, সব সময়ই আমি লক্ষ্য ঠিক করে খেলি। সিরিজের আগে বলি, এক শ করতে চাই বা সর্বোচ্চ রান করতে চাই। তবে এই সিরিজের আগে আমার কোনো পরিকল্পনা বা লক্ষ্য ছিল না। একটা জিনিসই চেয়েছি—ব্যাটিংটা উপভোগ করতে।’
আসলে বিশ্বকাপের পর পুরো বাংলাদেশ দলেই বাজছে বদলের গান। তামিমের কাছে এর বড় কারণ মনে হয় বিশ্বকাপে ভালো খেলে আসার অভিজ্ঞতা, ‘ওই ম্যাচগুলো যদি জিম্বাবুয়ের মাটিতেও জিততাম বা বাংলাদেশে জিততাম, আমার মনে হয় আত্মবিশ্বাস এ রকমই বাড়ত। দলের জন্য সেটাই গুরুত্বপূর্ণ। আমরা পারব—এই বিশ্বাসটা থাকতে হবে।’ উদাহরণ হিসেবে আনলেন সাব্বির রহমানকে, ‘সাব্বির যেমন বিশ্বাস করে, ওয়াহাব রিয়াজই বল করুক বা আরও বড় বোলার, ও রান করতে পারবে। খেলোয়াড়দের এই আত্মবিশ্বাসটাই সাফল্যের আসল কারণ।’ তবে এই সাফল্যকে খুব বড় কোনো উৎসবের উপলক্ষ মনে হয় না তাঁর কাছে। নিজেরা পা মাটিতে রাখছেন, দর্শক-সমর্থকদের কাছেও তাঁর অনুরোধ, ‘ক্রিকেটের এমন দিনের জন্য বাংলাদেশের মানুষ হয়তো ১৫-২০ বছর ধরে অপেক্ষা করছে। তবে আমি মনে করি, সবারই পা মাটিতে থাকা উচিত। আজ জিতছি, কাল হারব, পরশু আবার জিতব। আমরা যে এখন উন্নতি করছি সেটা নিয়েই সবার খুশি থাকা উচিত।’
সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। এ বছরই আসবে ভারত, দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া দল। তামিমের চোখে, ‘গত ১৫-১৬ বছরের মধ্যে এটাই বাংলাদেশ দলের জন্য সবচেয়ে কঠিন বছর।’ বছরের শুরুটা হলো অসাধারণ, এখন শুধু ধরে রাখতে হবে এই ছন্দটা।
ওয়ানডের তামিম
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান (৪৪৩৭)
সর্বোচ্চ ইনিংস (১৫৪, জিম্বাবুয়ে, বুলাওয়ে, ২০০৯)
সবচেয়ে বেশি সেঞ্চুরি (৬টি, সাকিব আল হাসানের সেঞ্চুরিও ৬টি)
সবচেয়ে বেশি ফিফটি (২৯)
সবচেয়ে বেশি চার ও ছয় (৫০৪ ও ৫৮)
টানা সবচেয়ে বেশি ৫ ইনিংসে ফিফটি
সর্বোচ্চ জুটির অংশীদার (১৭৮, মুশফিকের সঙ্গে)
বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে সবচেয়েবেশি রান (২২৬০)
দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রান (৩১২)
ওয়ানডে ক্রিকেটে তিন ম্যাচ সিরিজে সবচেয়ে বেশি চার (৪০)