ওই 'বিশ্বাস'টাই আসলে সব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফি বিন মুর্তজা তাহলে বিশ্বাসটা পুরো দলেই সঞ্চারিত করে দিয়েছেন?
এই ম্যাচের আগের দিন দুপুরে একান্ত সাক্ষাৎকারে তাঁর অনেক কথাই মনে গেঁথে আছে। যার মধ্যে সবচেয়ে বেশি এটি: আমরা পারব—ভেতরে এই বিশ্বাস থাকাটা খুব জরুরি। কথাটাকে শুধু ওয়ানডের জন্যই প্রাসঙ্গিক মনে করেছিলাম। মাশরাফির সঙ্গে কাটানো ঘণ্টা দেড়েক সময়ে সাক্ষাৎকারের বাইরেও কত কিছু নিয়ে কথা হয়েছে। পরদিনের টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে একটাও নয়। ওই ম্যাচের জয়-পরাজয় নিয়ে যে মনে কোনো প্রশ্নই জাগেনি।
বিদায় নেওয়ার সময় অবশ্য পরদিনের ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছিলাম। নিছকই ভদ্রতা করে। ওই শুভকামনায় কোনো কাজ হবে না, এ ব্যাপারে যে শতভাগ নিশ্চিতই ছিলাম। পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে বাংলাদেশ কীভাবে পারবে! বাংলাদেশ তো টি-টোয়েন্টি খেলতেই পারে না। হংকংয়ের কাছে পর্যন্ত হেরে বসে!
পাকিস্তানকে ১৪১ রানে আটকে দেওয়ার পরও আগের ধারণা থেকে সরে আসার কোনো কারণ দেখিনি। বরং ম্যাচ শেষে বাংলাদেশের জয়ের ছবির বদলে মনে উঁকি দিচ্ছিল ২০১১ সালের ২৯ নভেম্বর। সেই রাতে এই মিরপুরেই পাকিস্তানকে ১৩৫ রানে বেঁধে রাখার পরও বাংলাদেশ ৫০ রানে হারতে ‘সক্ষম’ হয়েছিল।
কাল ৩৮ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর মনে হয়েছিল, সেই ম্যাচটাই বোধ হয় ফিরে আসছে আবার। ভয়ডরহীন তারুণ্যের বার্তা ছড়িয়ে দেওয়া সাব্বির রহমানের দুর্বিনীত স্ট্রোক প্লে দেখতে দেখতে তাই একটু লজ্জা-লজ্জাই লাগল। ওয়ানডে সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাসটাকে কী অবমূল্যায়নই না করেছিলাম!
ক্রিকেটে ‘আত্মবিশ্বাস’ এমনই এক জাদুমন্ত্র, যার ছোঁয়ায় ভোজবাজির মতো বদলে দিতে পারে কোনো দলকে। আবার এটিরই ঘাটতি দারুণ কোনো দলকেও বানিয়ে ফেলতে পারে একেবারে সাধারণ। কালকের টি-টোয়েন্টি ম্যাচটাতে ব্যাটিং-বোলিংয়ের চেয়ে বড় নির্ধারক ওই আত্মবিশ্বাসই। বাংলাদেশের যা তুঙ্গে, পাকিস্তানের ‘নেই’ বললেই চলে।
সাকিব আল হাসানও দুর্দান্ত ব্যাটিং করেছেন। করারই কথা। বাংলাদেশের ক্রিকেটে টি-টোয়েন্টির একমাত্র ফেরিওয়ালা। আজ এই দেশের টি-টোয়েন্টি লিগে খেলছেন তো কাল আরেক দেশে। একই সঙ্গে তিন ধরনের ক্রিকেটেই অলরাউন্ডারদের র্যা ঙ্কিংয়ে এক নম্বরে থাকা একমাত্র ক্রিকেটার—ভালো তো তিনি খেলবেনই। সাকিব নন, ‘নতুন বাংলাদেশ’-এর প্রতীক ওই সাব্বির রহমান।
সাব্বিরের ব্যাটে স্ট্রোকের ফুলঝুরি দেখতে দেখতে ম্যাচ শুরু হওয়ার ঘণ্টা তিনেক আগে এক কিশোরের সঙ্গে কথোপকথন মনে পড়ছিল। ছেলের কৌতূহল মেটাতে মা ফোন করেছেন প্রায় দুই যুগের সহকর্মী এবং বন্ধুকে। ওয়ানডেতে বাংলাওয়াশের পর টি-টোয়েন্টি নিয়েও তাঁর আশাবাদে জল ঢেলে দিয়ে বলেছি, ‘এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট।’ ছোট্ট ছেলেটাকে তা বলা নিষ্ঠুরতা হয়ে যায় বলে তাকে একটু মোলায়েম করে বললাম, ‘টি-টোয়েন্টিতে তো বাংলাদেশ পারে না বাবা।’ অতটুকুন ছেলের উত্তরটা রীতিমতো চমকে দিয়েছিল, ‘ওয়ানডেতেও তো বাংলাদেশ ষোলো বছর পারেনি।’
চমকে গিয়েছিলাম। আবার ভুলেও গিয়েছিলাম। ২২ বল বাকি রেখে বাংলাদেশ ৭ উইকেটে জিতে যাওয়ার পর বারবার কানে বাজতে শুরু করল কথাটা। ওয়ানডেতে ষোলো বছর পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও তো সময়টা কম নয়। গত আট বছরে পাকিস্তানের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টির একটি-দুটিতে সামান্য প্রতিদ্বন্দ্বিতার আভাস জাগানো ছাড়া আর কিছুই করতে পারেনি বাংলাদেশ। সেই বাংলাদেশই এমন উড়িয়ে দিল পাকিস্তানকে!
ভিন্ন ফরম্যাট, ভিন্ন খেলা—তার পরও ওয়ানডের আত্মবিশ্বাস কীভাবে টি-টোয়েন্টিতেও সঞ্চারিত হলো ভেবে বিস্ময় তো একটু জাগছেই। অবাস্তব একটা আশাও। টেস্ট সিরিজও কি তাহলে অপেক্ষা করছে আনন্দের কোনো উপলক্ষ নিয়ে? যুক্তি বলছে ‘না’। টেস্টের পাকিস্তান অনেক বেশি পরাক্রান্ত। কিন্তু টি-টোয়েন্টিতেও কি তা-ই ছিল না!