ওদের কোনো দ্বিতীয় সুযোগ প্রাপ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যে লর্ডসে স্পট ফিক্সিংয়ের কলঙ্ক লেগেছিল তাঁর গায়ে, আগামীকাল সেখানেই ফিরছেন পাকিস্তানি মোহাম্মদ আমির; ইংল্যান্ডের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকেই যা মানতে পারছেন না। সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেনও আছেন এই দলে। ইংল্যান্ডের দ্যটেলিগ্রাফ পত্রিকায় লেখা কলামে তিনি দাবি তুলেছেন, মাদক বা ফিক্সিংয়ে জড়িত সবাইকে আজীবন নিষিদ্ধ করার। সেই কলামের নির্বাচিত অংশ যেকোনো খেলোয়াড়, তা পুরুষ কিংবা মহিলা হোক না কেন, ম্যাচ পাতানো, স্পট ফিক্সিং করে ধরা পড়লে অথবা মাদক নিয়ে থাকলে তাদের আজীবন নিষিদ্ধ করা উচিত। তারা নিয়ম ভেঙেছে, সেটির জন্য মূল্য দিতে হবে এবং দ্বিতীয় কোনো সুযোগও তাদের প্রাপ্য নয়।
কেউ যদি প্রতারণা করে, তা মাদক নেওয়াই হোক বা অর্থের বিনিময়ে খারাপ খেলা; তাহলে সে সতীর্থ, দর্শকদের নির্মল আনন্দ ছিনতাই করছে। অবমাননা করছে এমন একটি খেলাকে, যেটি তার জন্মের অনেক আগ থেকেই স্বমহিমায় বিরাজমান।
জীবনে দ্বিতীয় সুযোগ পাওয়া মানুষের প্রাপ্য, কিন্তু খেলার জগৎটা ভিন্ন। যে খেলাটি ভালোবাসি, সেটি খেলার জন্য আমরা অর্থ পাই। পেশাদার ক্রিকেটার হিসেবে জীবনযাপন করতে পারছি, এটাই তো আমাদের সৌভাগ্য! সেখানে মাদক নিয়ে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করা কিংবা ঘুষ নিয়ে খেলাটির মর্যাদাহানি করা তো ১১ ও ১২তম বিধি ভাঙার মতো (বাইবেলে ১০টি নৈতিক উপদেশ দেওয়া আছে, ১১ ও ১২তম বিধি বলতে এদের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতির কথা বোঝানো হয়)। এখান থেকে ফেরার কোনো রাস্তা নেই।
খেলোয়াড়েরা এখন যে শিক্ষাটা পায়, সেটি একেবারে বিস্তারিত। আমি যেখানেই টি-টোয়েন্টি খেলতে যাই না কেন, সব প্রতিযোগিতার আগে ঘণ্টাব্যাপী দুর্নীতিবিরোধী শিক্ষা দেওয়া হয়। আমি এতগুলো কর্মশালায় ছিলাম যে নিজেই এখন বক্তৃতা দিতে পারব, তাই ‘নিয়ম জানতাম না’—এটা কোনো অজুহাত হতে পারে না।

আমি বুঝি, উপমহাদেশের অনেক খেলোয়াড় গ্রাম থেকে উঠে আসে, যেখানে তারা দারিদ্র্য ও বঞ্চনার মধ্যে বড় হয়। গ্রাম থেকে বের হওয়া, পরিবারকে আভিজাত্যপূর্ণ জীবন উপহার দেওয়ার সুযোগ পেয়ে তারা যেকোনো কিছু করতে আগ্রহী। তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পায় এবং বিপুল অর্থ আয় করে। এর সঙ্গে আসে নানা প্রলোভন। কিন্তু একটি নো বল করার জন্য ৫০ হাজার পাউন্ড নেওয়া—এটা তো লোভ ছাড়া আর কিছু নয়।

এটা শুধু এই সপ্তাহেই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাওয়া মোহাম্মদ আমিরের ক্ষেত্রেই নয়, সব প্রতারকের ক্ষেত্রেই সত্য। যারা ধরা পড়েছে তাদের একজন আমির, কিন্তু অনেকেই হয়তো পার পেয়ে গেছে এবং এখনো খেলে যাচ্ছে।

২০১০ লর্ডস টেস্টে আমির ও মোহাম্মদ আসিফ ইচ্ছে করে নো বল করেছিল, তাও অধিনায়ক সালমান বাটের সঙ্গে যোগসাজশে—এটা জানতে পেরে সেদিন জঘন্য একটি অনুভূতি হয়েছিল। ঘটনাটি জানাজানি হলো শনিবার রাতে, ম্যাচটির শেষ দিনে আমাদের গা ঘিনঘিন করছিল। ম্যাচ শেষে সেদিন কেউ হাত মেলায়নি। ম্যাচ জেতার পরও অদ্ভুত একটা শূন্যতার অনুভূতি হচ্ছিল, আমরা কোনো উদ্‌যাপনও করিনি। আমার খেয়াল আছে, মিড অনে একটি ক্যাচ নিলাম, নিয়ে ভাবলেশহীন ভঙ্গিতে বলটি বোলার গ্রায়েম সোয়ানকে ফেরত দিলাম। সকালটি এককথায় ছিল জঘন্য।

দুই দলের মধ্যে সম্পর্ক নড়বড়ে হয়ে গিয়েছিল, কারণ আমরা জানতাম ক্রিকেটকে কতটা ক্ষতিগ্রস্ত করবে এ ঘটনা। আমরা ছয় বছর পরও এ নিয়ে কথা বলছি, এতেই তো বোঝা যায় সে ঘটনার প্রভাব। সেদিন ড্রেসিংরুমে থাকাটাই কঠিন হয়ে গিয়েছিল।

এসবের ফল হয় সন্দেহবাতিকগ্রস্ততা। এখন কেউ বড় কোনো নো বল করল কিংবা প্রথম বলেই একটি ওয়াইড হলো, সবাই অন্য কিছুর গন্ধ পেতে থাকে। এটি কিন্তু ভুল, কারণ মানুষ মাঠে ভুল করতেই পারে। খেলোয়াড়দের মানসিক শক্তির বড় পরীক্ষা নেয় ক্রিকেট। এখানে ভুল হলেই সন্দেহ করা কিংবা ম্যাচ পাতানোর অভিযোগ তোলাটা অন্যায়।

বোলাররা প্রথম বলে ওয়াইড করতেই পারে। কারণ তারা তো ওই সময়ে জানে না, বলটি সুইং করবে কি না। ফলে বল লেগ সাইডে যেতে পারে। তবু এমন হলে ড্রেসিংরুমে বসে আমরা প্রশ্ন করছি, ‘আরে, এটা কী হলো?’ এতে নির্দোষ খেলোয়াড়দেরও সন্দেহের মধ্যে পড়তে হচ্ছে।