
বেশ জমজমাট একটা দিন গেল বিশ্বকাপে। ইডেন পার্কে পেস-সুইংয়ের দুর্দান্ত একটা প্রদর্শনীই হয়ে গেল, রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল নিউজিল্যান্ড। এরপর পার্থে সংযুক্ত আরব আমিরাতকে একরকম বিধ্বস্তই করল ভারত। আমি আগেই বলেছিলাম, ছোটদের উন্নতি করতে হলে বড় দলগুলোর সঙ্গে আরও বেশি বেশি খেলার সুযোগ করে দিতে হবে। সেটি শুধু বিশ্বকাপে সীমাবদ্ধ থাকলে হবে না। এই ম্যাচের পর সেই কথাই আমি আবার বলব।
ভারতের জয় নিয়ে কখনোই খুব একটা সন্দেহ ছিল না। আমিরাত জয় পেলে সেটা হতো অলৌকিক, যা প্রতিদিন ঘটে না। বাউন্সি উইকেটে দুই দলের ব্যবধান খুব ভালোভাবেই বোঝা গেছে। অসহায় আত্মসমর্পণের জন্য আমি আসলে আমিরাত সমর্থকদের দোষ দেব না। এ রকম উইকেটে খেলার অভিজ্ঞতাই তো ওদের নেই। আর শীর্ষ পর্যায়ের ক্রিকেটের সঙ্গে ধাতস্থ হওয়ার জন্য ওদের আরও সময় দিতেই হবে।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের পরের ম্যাচটাও পার্থেই। তার আগে ভারতের বোলাররা নিজেদের ভালোই ঝালিয়ে নিতে পারল। শুরুতে ব্যাটিং করলে মহেন্দ্র সিং ধোনির দলের জন্য সেটাই হতো ভালো। কিন্তু টসে হেরে যাওয়ায় সেটা হয়নি। যা-ই হোক, ভারতের সন্তুষ্টির অনেক কারণই আছে এই ম্যাচে। ভুবনেশ্বর কুমারের ছন্দ ফিরে পাওয়াটাও প্রাপ্তি।
এর আগে ভুবনেশ্বরের অভাব খুব একটা টের পাওয়া যায়নি। কারণ ওর বদলি মোহিত শর্মা বেশ ভালো করছিল। আমি ভুবনেশ্বরকে ১৩০ কিলোমিটারের ওপরে বল করতে দেখে খুশি। আগের দুই ম্যাচে চোটের কারণে সে খেলতে পারেনি, ওটা সে কাটিয়ে উঠেছে বলেই মনে হচ্ছে। ধোনির আরেকটি বিকল্পও আছে।
প্রতি ম্যাচেই রবিচন্দ্রন অশ্বিনের ধার বাড়ছে। দলের প্রধান স্পিনার হিসেবে অশ্বিনের বাড়তি দায়িত্ব আছে, বিশেষ করে স্ট্রোক খেলা দলগুলোর বিপক্ষে। আমিরাতের ব্যাটসম্যানরা ওর বাউন্সেই খাবি খেয়েছে। একটু ভাসিয়ে দেওয়া বলে বোকাও বনেছে। ওদের দেখে বিশ্বাস করতে কষ্ট হয়েছে, এরাই জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে এত ভালো করেছিল!
অশ্বিনের বাইরে আমি জাদেজাকে নিয়েও খুশি। সে অশ্বিনকে যোগ্য সঙ্গ দিয়েছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ভিন্ন ভিন্ন উইকেটের সঙ্গে দুজনেই খাপ খাইয়ে নিচ্ছে। আমি খেয়াল করেছি, লেংথ ঠিকঠাক না হলে স্পিনারদের ছন্দ হারিয়ে ফেলার প্রবণতা পেসারদের চেয়ে বেশি থাকে। মোহিত শর্মাকে এখন ভারতের পরিকল্পনার খুবই গুরুত্বপূর্ণ অংশ মনে হছে। সে তার সীমাবদ্ধতার মধ্যেই বল করে। আমার যেটা ভালো লাগে, মোহিত হৃদয় দিয়ে বল করে। বাজে বল সে খুবই কম করে, আর করলেও সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের নখ কামড়ানো ম্যাচে সব আলো ছিল বোলারদের ওপর। নিউজিল্যান্ড ম্যাচটা জিতলেও অস্ট্রেলিয়া দেখিয়েছে কেন তারা বিশ্বসেরা। ছোট পুঁজি নিয়েই তারা নিউজিল্যান্ডের কাজটা খুবই কঠিন করে তুলেছিল। ব্রেন্ডন ম্যাককালাম খেলাটাকে পানসেই বানিয়ে ফেলেছিল প্রায়, কিন্তু অস্ট্রেলিয়া দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ট্রেন্ট বোল্ট অসাধারণ ছিল, তবে আমার সবচেয়ে ভালো লেগেছে মিচেল স্টার্ককে। গতি, বাউন্সার, সুইং দিয়ে সে ভড়কে দিয়েছে, তার ইয়র্কারের কোনো জবাব ছিল না ব্যাটসম্যানদের কাছে। বাউন্সি উইকেটে সে ব্যাটসম্যানদের আরও ভোগাবে। (পিচ সলিউশন)