ওদের 'ইচ্ছাপূরণ' করলেন নাসির

কেউ এসেছে বেবিহোম থেকে। কেউ হারিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা আর তাকে খুঁজেই পায়নি। কারোর নেই বাবা-মা। মিরপুরের সরকারি শিশু পরিবারের নিষ্পাপ কিশোরদের জন্য কালকের বিকেলটা ছিল একটু অন্য রকম। তাদের আনন্দের মধ্যমণি ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন।
বিশ্ব ইচ্ছাপূরণ দিবস সামনে রেখে কাল এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। অনাথ কিশোরদের সঙ্গে কাল ঘণ্টা খানেক সময় কাটান নাসির। তাদের সঙ্গে ক্রিকেট খেলেছেন, অটোগ্রাফ দিয়েছেন। উপহার দিয়েছেন চকলেট, ব্যাট, বল ও অন্যান্য সামগ্রী। টেলিভিশনের পর্দায় এত দিন কিশোরেরা দেখে এসেছে প্রিয় ক্রিকেটারকে। কাল নাসিরকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পঞ্চম শ্রেণির ছাত্র বিজয় ইসলাম, ‘আজ আমাদের অনেক আনন্দের দিন। খুবই ভালো লাগছে আমাদের।’ শত ব্যস্ততার মাঝেও এই অনাথ শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দিত নাসিরও, ‘খেলাধুলার কারণে সব সময় এসব জায়গায় আসা হয় না। তবে এখানে এসে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এদের সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো লাগল।’