ওপেনারদের নিয়ে চিন্তা নেই প্রিন্সের

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ছিলেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে দুজনই ফিরেছেন। বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের চোখে ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে এটা বড় একটা ইতিবাচক দিক। তাঁদের উপস্থিতি বাংলাদেশ দলের ব্যাটিং শক্তি আরও বাড়াবে, এমনই আশা দক্ষিণ আফ্রিকান এই কোচের।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে প্রিন্স বলেছেন, ‘মুশফিক, লিটনরা এই কন্ডিশনে অভিজ্ঞ। ওরা যদিও অস্ট্রেলিয়া সিরিজে খেলেনি, সেই সিরিজে কী কী বিষয় কাজে এসেছে, আমরা আরও কোথায় উন্নতি করতে পারি, এসব নিয়ে ওদের সঙ্গে কথা হয়েছে। এসব আমরা নিউজিল্যান্ড সিরিজেও কাজে লাগাতে পারব।’

ওপেনার নাঈমকে পরামর্শ দিচ্ছেন অ্যাশওয়েল প্রিন্স
ছবি: প্রথম আলো

সর্বশেষ দুটি সিরিজে দুই রকম কন্ডিশনে খেলে সফল হয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বাউন্সি ও গতিময় উইকেটে স্বাগতিকদের হারিয়েছে তিন সংস্করণের সিরিজেই। জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে বাংলাদেশকে খেলতে হয়েছে মিরপুরের মন্থর ও নিচু বাউন্সের উইকেটে। দুই ধরনের কন্ডিশনেই মানিয়ে নেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। এটাই আশাবাদী করছে প্রিন্সকে।

প্রিন্স বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজ ও অস্ট্রেলিয়া সিরিজের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ছিল কন্ডিশনে। বিশেষ করে ব্যাটিং কন্ডিশনে। এখানে মানিয়ে নেওয়ার বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়েতে আমরা একটু বাড়তি বাউন্সের কন্ডিশনে খেলেছি। দলের সবাই সেখানে ভালোই মানিয়ে নিয়েছিল। এরপর ঘরে ফিরে যে নিচু বাউন্সের উইকেটে খেলেছি, এখানে মানিয়ে নেওয়াটাও ছিল গুরুত্বপূর্ণ।’

ওপেনার লিটন দাস ফিরছেন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই
ছবি: প্রথম আলো

নিউজিল্যান্ড সিরিজেও অস্ট্রেলিয়া সিরিজের মতোই উইকেট আশা করছেন প্রিন্স, ‘নিউজিল্যান্ড সিরিজেও আমি প্রায় একই কন্ডিশন আশা করছি। অস্ট্রেলিয়া সিরিজে আমাদের জন্য অনেক কিছু শেখার ছিল। এসব নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি।’

আমি ওপেনিং ব্যাটসম্যানদের নিয়ে খুব একটা ভাবছি না। আমরা জিম্বাবুয়েতে এক-দুটি ভালো জুটি গড়েছি। অস্ট্রেলিয়া সিরিজে কন্ডিশন কঠিন ছিল।
অ্যাশওয়েল প্রিন্স, বাংলাদেশের ব্যাটিং পরামর্শক

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের ওপেনাররা ছিলেন ব্যর্থ। নিউজিল্যান্ড সিরিজে ওপেনাররা সেই দুঃসময় কাটিয়ে উঠবেন বলেই আশা সবার। বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অবশ্য এ নিয়ে খুব একটা চিন্তিত নন। লিটন ফেরায় ওপেনিং সমস্যার সমাধান হবে বলে তাঁর আশা, ‘আমি ওপেনিং ব্যাটসম্যানদের নিয়ে খুব একটা ভাবছি না। আমরা জিম্বাবুয়েতে এক-দুটি ভালো জুটি গড়েছি। অস্ট্রেলিয়া সিরিজে কন্ডিশন কঠিন ছিল। বাউন্ডারি মারা সহজ ছিল না। এখানে মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। দলে ওপেনিংয়ে জায়গা পেতে প্রতিযোগিতা আছে। লিটন নিশ্চয়ই এই সিরিজে সুযোগ পাবে।’