ওপেনারদের ব্যাটে ইংল্যান্ডের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুক (ডানে) ও ট্রটের ব্যাটে প্রথম ইনিংসে ভালোই জবাব দিচ্ছিল ইংল্যান্ড। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিনে l এএফপি
কুক (ডানে) ও ট্রটের ব্যাটে প্রথম ইনিংসে ভালোই জবাব দিচ্ছিল ইংল্যান্ড। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিনে l এএফপি

কেমার রোচের ফুল টস বলটা ড্রাইভ করে চার মারলেন। সঙ্গে সঙ্গেই রেকর্ড বইতে অ্যালিস্টার কুকের পেছনে চলে গেলেন অ্যালেক স্টুয়ার্ট, সামনে থাকলেন শুধুই গ্রাহাম গুচ। টেস্টে ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান হয়ে গেল কুকের। অধিনায়কের ব্যাটে চড়ে পরশু গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিনটা স্বস্তি নিয়েই শেষ করেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের ২৯৯ রানের জবাবে কোনো উইকেট না হারিয়েই তুলে নিয়েছে ৭৪ রান। কাল তৃতীয় দিনে নেমে জুটিটা ১২৫ রান পর্যন্ত নিয়ে গেছেন কুক-ট্রট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে করেছে ২৩৭ রান। ব্যাট করছিলেন গ্যারি ব্যালান্স (৪৩) ও জো রুট (৪৪)।
ওয়েস্ট ইন্ডিজকে ২৯৯ রানে অলআউট করার চেয়ে ওপেনিং জুটিতে ১২৫ রান তোলাটাই বোধ হয় বেশি তৃপ্তি দেবে ইংল্যান্ডকে। সেই ২০১৩ মার্চের পর কোনো শতরানের জুটি নেই ওপেনিংয়ে। সেবার নিউজিল্যন্ডের সঙ্গে ডানেডিনে ২৩১ রান করেছিলেন কুক ও কম্পটন। ইংলিশ অধিনায়ক নিজেও ফর্মের সঙ্গে যুঝছেন অনেক দিন থেকে। সর্বশেষ সেঞ্চুরি ১৮ টেস্ট আগে, কাল আশা জাগিয়েও আউট হয়ে গেছেন ৭৬ রানে। পরে ট্রটকে(৫৯) আউট করেছেন বিশু , বেলকে (১) ফিরিয়ে দিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।
কুকের মতো মারলন স্যামুয়েলসের অপেক্ষাটা অত বেশি ছিল না। দুই টেস্ট আগেই সেঞ্চুরি পেয়েছিলেন স্যামুয়েলস, পরশু ব্যাট করতে নেমেছিলেন আরেকটি সেঞ্চুরি থেকে ৬ রান দূরত্বে। বৃষ্টির দাপটে ও অতিসতর্কতায় সেটা যখন পেলেন, গড়িয়ে গেছে ম্যাচের পাঁচ ঘণ্টারও বেশি। দিনেশ রামদিন নিয়ে ষষ্ঠ উইকেটে বড় কিছুরই স্বপ্ন দেখাচ্ছিলেন স্বাগতিকদের। কিন্তু অ্যান্ডারসনের বলে ১০৩ রান করে আউট হয়ে যাওয়ার পর আবারও ছোটখাটো একটা ধস নামল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে। ২২৩ থেকে ২৪৭-এই ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২৫০-এর নিচে অলআউটের শঙ্কায়ও ছিল। এই ৪ উইকেটের তিনটিই স্টুয়ার্ট ব্রডের।
শেষ পর্যন্ত রানটা ২৯৯ পর্যন্ত যাওয়ার কৃতিত্ব দুই টেলএন্ডার বিশু ও গ্যাব্রিয়েলের। ইংলিশদের হতাশ করে শেষ উইকেটে দুজন তুলেছেন ৫২ রান। ৪ উইকেট নিয়েছেন ব্রড, দুটি করে উইকেট অ্যান্ডারসন ও জর্ডানের। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১০৪.৪ ওভারে ২৯৯ (স্যামুয়েলস ১০৩, রামদিন ৩১, হোল্ডার ২২, রোচ ১, বিশু ৩০, গ্যাব্রিয়েল ২০*; অ্যান্ডারসন ২/৪৭, ব্রড ৪/৬১, জর্ডান ২/৬৫, মঈন ১/৪৭, স্টোকস ১/৬৬, ট্রট ০/২)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৬ ওভারে ৭৪/০ (কুক ৩৭*, ট্রট ৩২*)।
(২য় দিন শেষে)