সবাই তো আর মাঠে এসেই ব্যাট হাতে খেলতে নেমে যায় না। এটা করে ওপেনাররা। ম্যাচের প্রথম বল থেকেই ব্যাটিং, তা বোলার যত বিধ্বংসীই হোক না কেন। এর অর্থ একটাই—ওপেনার মানেই বিশেষ কিছু।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কাল বিকেলে কিছু সময় কাটিয়েছেন ধানমন্ডি ক্রিকেট একাডেমির খুদে ক্রিকেটারদের সঙ্গে। ওপেনারদের নিয়ে সেখানেই তিনি বলেছেন ওই কথা। ধানমন্ডি ক্রিকেট একাডেমির উদ্যোগটা ভালো। নতুন বছরের প্রথম বিকেলে ধানমন্ডি ৪ নম্বর মাঠে উঠতি ক্রিকেটারদের সামনে তারা হাজির করেছে তামিম ইকবালকে। উদ্দেশ্য, এই তারকা ক্রিকেটারের অভিজ্ঞতার কথা নবীন ক্রিকেটারদের শোনানো। প্রশ্ন করে তামিমের কাছ থেকে কিছু জানার সুযোগ ছিল খুদে ক্রিকেটারদেরও। পরশু রাতেই সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরা তামিমও আগ্রহ নিয়ে রাজি হয়েছেন প্রস্তাবটিতে। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন একাডেমির ক্রিকেট ডেভেলপমেন্ট প্রধান ও ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম।
ওয়ানডে অধিনায়কের কাছে ক্রিকেটারদের প্রশ্ন ছিল, ওপেনার হিসেবে তিনি কীভাবে নিজেকে প্রস্তুত করেন। সেটি জানাতে গিয়ে তামিম বলেছেন, ‘কারও মধ্যে বিশেষ কিছু না থাকলে সে ওপেনার হতে পারে না। সব ক্রিকেটারকেই অনেক পরিশ্রম করতে হয়। তবে ওপেনারদের পরিশ্রমটা একটু অন্য রকম। শুধু দৌড়ালে বা ফিটনেস ঠিক রাখলে হয় না। প্রচুর ব্যাটিং করতে হয়। তোমার মধ্যে বিশেষ কিছু আছে বলেই তুমি একজন ওপেনার।’
ইনিংস শুরু করতে নামার চাপ প্রতি ম্যাচেই সঙ্গী হয় ওপেনারদের। তবে তামিমের মতো ক্রিকেটারদের এর বাইরেও অনেক চাপ সামলাতে হয়। ভালো খেলার চাপ, সংবাদমাধ্যমের চাপ, এখন তো সামাজিক যোগাযোগমাধ্যমেরও একটা চাপ থাকে।
এত সব চাপ কীভাবে সামলান তামিম? উত্তর শুনে মনে হলো, এসব চাপকে তিনি তেমন গুরুত্বই দিতে চান না। তাঁর কাছে বড় অন্য চাপ, ‘চাপ তো অনেক। ভালো খেলার চাপ থাকে, প্রত্যাশার চাপ, মিডিয়ার চাপ থাকে। তবে এত চাপ নিয়ে ভাবলে খেলা যায় না। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ওপর নিজের প্রত্যাশার চাপ। আমি নিজের কাছে নিজে কী চাই, তা ঠিকভাবে করতে পারলাম কি না, সেই চাপ।’
ম্যাচের পূর্বপ্রস্তুতি নিয়েও কথা বলেছেন তামিম। সেই প্রস্তুতির অনেকটাই মানসিক। উঠতি ক্রিকেটারদের প্রতি তাঁর পরামর্শ, ‘ম্যাচে কী হবে না হবে, সেসব নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। নির্ভার থাকতে হবে। আর আত্মবিশ্বাস রাখতে হবে। তুমি যে ভালো খেলো, সেটা হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবে না। কিন্তু তোমার মধ্যে বিশ্বাসটা রাখতে হবে যে তুমি পারবে।’
মাস কয়েক আগে ২০ বছর পূর্তি হয়েছে ২০০০ সালে প্রতিষ্ঠিত ধানমন্ডি ক্রিকেট একাডেমির। শিশু-কিশোরদের খেলা শেখানোর পাশাপাশি তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে একটা দলও আছে তাদের।