ওভাবে বলেননি ইমরান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ইমরান খান

রাজনৈতিক দলের সহকর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠকে একটা মন্তব্য করেছিলেন। সাংবাদিকের মোবাইল ক্যামেরা ঘুরে সেই মন্তব্য ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। আর তাতেই সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক ইমরান খান। পিএসএল ফাইনালে খেলা বিদেশিদের ‘তৃতীয় শ্রেণি’র ক্রিকেটার মন্তব্য করে অনেকের রোষানলে পড়েছেন। ইমরান অবশ্য পরে টেলিভিশনে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
শুরু থেকেই লাহোরে পিএসএলের ফাইনাল আয়োজনের ঘোর বিরোধী ছিলেন ইমরান। নিরাপত্তার কারণ দেখিয়ে দুবাই-শারজায় অন্য ম্যাচ খেলা বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও লাহোরে খেলতে যাননি। তবে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির মতো বেশ কয়েকজন খেলেছেন ফাইনালে। স্যামির নেতৃত্বে পেশোয়ার জালমি পিএসএলের শিরোপাও জিতেছে।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, নিজের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীদের বৈঠকে ইমরান পিএসএল ফাইনালে খেলা বিদেশিদের প্রসঙ্গে বলছেন, ‘আমি এসব “ফাটিচার” (তৃতীয় শ্রেণির) খেলোয়াড়দের নামও জানি না। আফ্রিকার এখান-ওখান থেকে কিছু খেলোয়াড় ধরে এনে তাদের বিদেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে।’
ইমরানের এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। সমালোচনা করেছেন তাঁর দলের সমর্থক, এমনকি তাঁর ভক্তরাও। ইমরানের নেতৃত্বে খেলা সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ রাজাও বলেছেন, এ রকম মন্তব্য না করে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর এই ক্ষুদ্র চেষ্টাটাকে সাধুবাদ জানানো উচিত ছিল ইমরানের।
ইমরান অবশ্য পাকিস্তানের জিয়ো নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তাঁর দাবি, ‘ফাটিচার’ একটা ক্রিকেটীয় পরিভাষা। এটা দিয়ে অনেকটা দ্বাদশ খেলোয়াড়কে বোঝানো হয়, যিনি নিজের জাতীয় দলের একাদশেই সুযোগ পান না। তবে ‘ফাটিচার’ কথাটা ড্যারেন স্যামির জন্য ব্যবহার করেননি দাবি করলেও ইমরান সাক্ষাৎকারেই বলেছেন, ‘স্যামি পেশোয়ারের নেতৃত্ব দিয়েছে। সে জনপ্রিয় খেলোয়াড়। কিন্তু সেও তো খুব বড় খেলোয়াড় নয়। যদি ক্রিস গেইল আসত, কেভিন পিটারসেন আসত, তাহলে বলতাম বড় আন্তর্জাতিক ক্রিকেট তারকারা এসেছে।’ এএফপি, দ্য নেশন।