ওভারে ৫ রান তোলার টি-টোয়েন্টি দেখল বিপিএল

বোলারদের দাপট দেখল দিনের প্রথম ম্যাচছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জ্বলছিল ফ্লাডলাইট। এমন কন্ডিশনে বোলাররা যে দাপটটা বেশি দেখাবে, সেটাই প্রত্যাশিত। সিলেট সানরাইজার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচটিও এগোল সে ধাঁচে।

সিলেটকে মাত্র ৯৬ রানে অলআউট করে সে রান তাড়া করতে কুমিল্লারও ঘাম ঝরেছে। ছোট লক্ষ্য তাড়া করতে ৮ উইকেট হারিয়েছে কুমিল্লা, খেলতে হয়েছে ১৮.৪ ওভার পর্যন্ত। ২ উইকেটে জিতে স্বস্তির নিশ্বাস ছেড়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।

দুই দল মিলে ৩৭ ওভার ৫ বল খেলেছে। রান তুলেছে ১৯৩টি। এই রান তুলতেই ১৮ উইকেটের পতন দেখা গেছে। অর্থাৎ ওভারপ্রতি ৫–এর একটু বেশি রান তুলেছে দুই দল। উইকেটপ্রতি রান এসেছে ১১-রও কম। আর যা–ই হোক, টি-টোয়েন্টির আদর্শ বিজ্ঞাপন বলা যাচ্ছে না এ ম্যাচকে।

ব্যাটে-বলে অবদনা রেখে ম্যাচসেরা নাহিদুল
ছবি: প্রথম আলো

ছোট লক্ষ্য পেয়েও ফাফ ডু প্লেসি, ক্যামেরুন ডেলপোর্ট, মুমিনুল হক, ইমরুল কায়েসের মতো কুমিল্লার মূল ব্যাটসম্যানদের কেউই আজ ম্যাচ শেষ করে আসতে পারেননি। দলীয় ১৩ রানে ব্যক্তিগত ২ রান করে সোহাগ গাজীর হাতে ফিরতি ক্যাচ তোলেন ডু প্লেসি। ডেলপোর্ট গাজীর দ্বিতীয় শিকার হন ১৬ রান করে। ১৯ বলের ইনিংসটিতে ছিল ১টি চার ও ১টি ছয়।

তিনে নামা মুমিনুল হকের ইনিংসও ছিল ধীরগতির। ২০ বলে একটি ছক্কা ও চারে ১৫ রান করে আউট হন তিনি। মোসাদ্দেক হোসেনের অফ স্পিনে স্লগ সুইপ করতে গিয়ে মুক্তার আলীর তালুবদ্ধ হন মুমিনুল। ইমরুল কায়েস ১০ ও আরিফুল হক ৪ রান করে ফিরে গেলে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কার মুখে পড়ে কুমিল্লা।

ব্যাটসম্যানদের জন্য ভয়ংকর এক দিন ছিল আজ
ছবি: প্রথম আলো

পরে করিম জানাত এবং নাহিদুল ২৭ রানের ছোট্ট জুটি গড়ে দলকে আপাত বিপদমুক্ত করেন। করিম ১৮ রান করে আউট হলে আবার বিপদে পড়ে কুমিল্লা। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম টানা ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

নাহিদুল, আরিফুল ও শহিদুলকে আউট করে ম্যাচ জমিয়ে দেন নাজমুল। ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা। নাজমুলের স্পেল শেষ হলে মাহিদুল ইসলাম ও তানভীর ইসলাম দাঁতে দাঁত চেপে কুমিল্লার জয় নিশ্চিত করেন।

উইকেটকে ভালো রাখার চেষ্টা চলছে
ছবি: প্রথম আলো

এর আগে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের আমন্ত্রণে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। ইনিংসের তৃতীয় ওভারে ৩ রানে ড্রেসিংরুমের পথ ধরেন এনামুল হক। আরেক ওপেনার কলিন ইনগ্রাম আউট হন পাওয়ার প্লের শেষ ওভারে। তার ব্যাট থেকে ২১ বলে আসে মাত্র ২০ রান। এটাই ছিল সিলেটের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান এসেছে অতিরিক্ত রান থেকে। ১৯.১ ওভার খেলে সিলেট থামে ৯৬ রানে। কুমিল্লার পক্ষে বল হাতে নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ১ উইকেট নিলেও চার ওভারে খরচ করেন মাত্র ১০ রান।

তানভীর টিকে থেকে জয় এনে দিয়েছেন
ছবি: প্রথম আলো

সংক্ষিপ্ত স্কোর

সিলেট সানরাইজার্স: ১৯.১ ওভারে ৯৬ (এনামুল ৩, ইনগ্রাম ২০, মিঠুন ৫, বোপারা ১৭, মোসাদ্দেক ৩, কাপালি ৬, সোহাগ ১২, মুক্তার ০, উইলিয়ামস ৯, তাসকিন ২, নাজমুল ০*; নাহিদুল ২/২০, মোস্তাফিজুর ২/১৫, তানভীর ১/১০, শহীদুল ২/১৫, মুমিনুল ১/১৪, আরিফুল ০/১১, করিম ১/৭)
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৮.৪ ওভারে ৯৭/৮ (ডেলপোর্ট ১৬, ডু প্লেসি ২, মুমিনুল ১৫, ইমরুল ১০, নাহিদুল ১৬, আরিফুল ৪, করিম ১৮, মাহিদুল ৯*, শহীদুল ১, তানভীর ৩*; তাসকিন ১/১৯, সোহাগ ২/৩০, মোসাদ্দেক ২/১০, উইলিয়ামস ০/১১, নাজমুল ৩/১৭, অলক ০/৯)
ফল: কুমিল্লা ২ উইকেটে জয়ী।