ওভারে ৬ ছক্কা মেরেও রেকর্ড হল না স্টইনসিসের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই দুর্ভাগা মারকুইস স্টইনসিস ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
সেই দুর্ভাগা মারকুইস স্টইনসিস ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

ম্যাচটা স্বীকৃত হলেই মারকুইস স্টইনসিস স্থান পেয়ে যেতেন রেকর্ড বইয়ে। কিন্তু ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে বুধবার অনুষ্ঠিত ন্যাশনাল পারফরম্যান্স স্কোয়াড ও ইন্ডিজিনিয়াস স্কোয়াডের মধ্যকার ৫০ ওভারের খেলাটির যে অফিশিয়াল মর্যাদা নেই!
ক্রিকেটের যে কয়টা বিরল কৃতিত্ব রেকর্ড বইয়ে অনন্য অবস্থানে আছে তাদের মধ্যে একটি হচ্ছে ওভারে ছয় ছক্কা। ইতিহাসে খুব অল্প কয়েকজন খেলোয়াড়ই এই অসাধারণ কৃতিত্বটি ছুঁয়ে দেখতে পেরেছেন। এ ক্ষেত্রে স্টইনসিস নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন।
স্টইনসিস চড়াও হয়েছিলেন ব্রেন্ডন স্মিথ নামের এক বোলারের ওপর। তাঁর ওই ওভারে ছয়টি ছক্কার সঙ্গে একটি নো বলে ওঠে ৩৭ রান। স্টইনসিস ১২১ রানের এক ইনিংস খেলেন মাত্র ৭৩ বলের মোকাবিলায়।
ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত মাত্র পাঁচজন ক্রিকেটার এই অসাধারণ কৃতিত্বটি নিজের করতে পেরেছেন। এর মধ্যে ওভারে ছয় ছক্কার তিনটি ঘটনাই প্রথম শ্রেণির ক্রিকেটে। বাকি দুটো ঘটনার একটি ওয়ানডে বিশ্বকাপে আর অপরটি টি-টোয়েন্টি বিশ্বকাপের।
ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এক ওভারে ছয়টি ছক্কা মারার কৃতিত্ব দেখিয়েছিলেন ক্যারিবীয় গ্রেট স্যার গ্যারফিল্ড সোবার্স। তিনি ১৯৬৮ সালে ইংল্যান্ডের সোয়ানসিতে অনুষ্ঠিত এক কাউন্টি ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন। নটিংহ্যামশায়ারের হয়ে খেলতে নেমে তিনি গ্ল্যামারগনের ম্যালকম ন্যাশকে মেরেছিলেন সেই ছয়টি ছক্কা।
পরের ঘটনাটি ১৯৮৫ সালের। ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী বোম্বের (বর্তমানে মুম্বাই) হয়ে রঞ্জি ট্রফির এক ম্যাচে বরোদার বিপক্ষে ছয়টি ছক্কা মেরে বসেছিলেন গ্যারি সোবার্সের পাশে। বারোদার তিলক রাজ নামের এক বোলার সেদিন সেই দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন।
ওয়ানডে বিশ্বকাপে এই কৃতিত্ব দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসের। ২০০৭ বিশ্বকাপে হল্যান্ডের ড্যান ফন বাঙ্গেকে তিনি ছয় ছক্কায় নাকাল করেছিলেন। ওই বছরই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যুবরাজ সিংয়ের হাতে ওভারে ছয়টি ছক্কা খেয়ে নাকাল হয়েছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।
২০১৩ সালে ছয় ছক্কার সর্বশেষ ঘটনাটি ঘটে ইংলিশ কাউন্টিতে। ল্যাঙ্কাশায়ারের জর্ডান ক্লার্ক ইয়র্কশায়ারের গুরমেন রান্ধাওয়াকে মিড উইকেটের ওপর দিয়ে ছয়টি ছক্কা মেরে এই বিরল কৃতিত্বের দলে নাম লেখান। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।