
মঈন আলীর বয়স তখন ১৪। ওয়ারউইকশায়ারের বয়সভিত্তিক দলে খেলেন। পেস বোলিং অলরাউন্ডার। একদিন চোটের কারণে বোলিং কোচকে গিয়ে বললেন, স্পিন করতে চান। দুটি বল, স্রেফ দুটি বল করার পরই কোচ স্টিভ পেরিম্যান বললেন, ‘এখন থেকে তুমি স্পিনার।’
না, রূপকথার মতো সেদিন থেকেই রাতারাতি স্পিনার হয়ে যাননি মঈন। সময়ের পরিক্রমায় বাঁহাতি ব্যাটসম্যান, যিনি কাজ চালানোর অফ স্পিন করতে পারেন। তবে এই সিরিজের মঈন কিন্তু রূপকথাই। তাঁর কাজ চালানোর অফ স্পিনেই যে কাত ভারত! আজ যখন সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, পাদপ্রদীপের আলো সবচেয়ে বেশি কেড়ে নিচ্ছেন ‘অফ স্পিনার’ মঈনই। সেটা শুধু আগের চার টেস্টে ১৯ উইকেটের কারণেই নয়, শেষ টেস্টের ভেন্যুর কারণেও। ওভাল!
এমনিতেই ওভালের উইকেট কখনোই গতিময় কিংবা বাউন্সি নয়। কাল অবশ্য উইকেটে ঘাসের ছোঁয়া ছিল। কিন্তু ইতিহাস বলছে, ম্যাচের আগে সব ছেঁটে ফেলে প্রায় ন্যাড়া করা হবে উইকেট। ইংল্যান্ডের টেস্ট ভেন্যুগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে ওভালের উইকেটই সবচেয়ে মন্থর ও নিচু বাউন্সের। সেটা অবশ্যই দিল্লি-মুম্বাইয়ের মতো নয়। তার পরও ইংল্যান্ডে অনেকটা ‘ঘরোয়া’ উইকেট পেয়ে তাই স্বস্তিতেই থাকার কথা ভারতীয়দের। কিন্তু প্রতিপক্ষ দলে যে মঈন আলী নামের ‘বিভীষিকা’!
সাউদাম্পটন-ওল্ড ট্রাফোর্ডেই মঈনকে খেলতে হিমশিম খেলে ওভালের ২২ গজে আরও সমস্যা হওয়ার কথা। মহেন্দ্র সিং ধোনির কপালে চিন্তার ভাঁজ পড়ার কারণ আছে আরও একটি। বিস্ময়করভাবে এই সিরিজে ইংলিশ ব্যাটসম্যানরা বেশি ভুগেছে ভারতীয় পেসারদের শর্ট বলে। উইকেট মন্থর হলে তো ওই অস্ত্রও অকার্যকর হয়ে পড়বে!
অথচ চিত্রটা হওয়ার কথা ছিল উল্টো। ভারত নামবে দুই স্পিনার নিয়ে, ইংল্যান্ড স্রেফ একজন ‘পার্ট টাইমার!’ এই সিরিজটাই আসলে উপহার দিয়েছে অদ্ভুতুড়ে সব ঘটনা। স্মরণকালের সবচেয়ে তরুণ ও অনভিজ্ঞ দল নিয়ে ইংল্যান্ডে এসেছিল ভারত। প্রথম টেস্ট দাপটে ড্র করার পর দ্বিতীয় টেস্ট জিতে সেই দলটিই এগিয়ে গিয়েছিল লড়াইয়ে। শ্রীলঙ্কার কাছে প্রথমবার দেশের মাটিতে সিরিজ হারা, টানা ১০ টেস্ট জয়বিহীন ইংল্যান্ডকে তখন মনে হচ্ছিল দিশাহারা এক দল। অধিনায়ক শঙ্কায় ছিলেন নিজের পদ আর জায়গা নিয়ে। দু সপ্তাহ পর সেই ইংল্যান্ড আজ মাঠে নামছে ফেবারিট হিসেবে। টানা দুই টেস্টে বিশাল জয়ে সিরিজে ২-১ এগিয়ে থেকে। ভারতকে মনে হচ্ছে সমস্যায় জর্জরিত এক দল।

সবচেয়ে বড় সমস্যা টপ অর্ডার ব্যাটিং। মুরালি বিজয় ছাড়া বলার মতো রান পাননি কেউ। ব্যর্থ শিখর ধাওয়ানের জায়গায় গত টেস্টে অভিজ্ঞ গৌতম গম্ভীরকে ফিরিয়েও লাভ হয়নি। আঁটোসাঁটো টেকনিকের জন্য পরিচিত চেতেশ্বর পূজারা ইংলিশ কন্ডিশনে প্রথম পরীক্ষায় পাস নম্বরও পাচ্ছেন না। সবচেয়ে বড় হতাশার নাম বিরাট কোহলি। গত দুই-আড়াই বছরে ভারতের সেরা ব্যাটসম্যান ৮ ইনিংসে করেছেন ১০৮ রান, গড় ১৩.৫০। বারবার আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরে। ভবিষ্যৎ পথচলায় তাঁদের নিয়েই এগোতে হবে বলে ব্যাটিং লাইনআপে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। পরিবর্তন একটা হতে পারে বোলিংয়ে, ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলে একাদশে ফিরবেন ইশান্ত শর্মা।
ইংল্যান্ড দলেও একমাত্র পরিবর্তনটা হতে পারে বোলিংয়ে। ওল্ড ট্রাফোর্ডে বরুন অ্যারনের বাউন্সারে মুখে চোট পাওয়া স্টুয়ার্ট ব্রড খেলতে পারবেন বলেই আশাবাদী ইংল্যান্ড। কৌতূহলের বিষয় হয়ে থাকছে, খেললে ব্রড মুখে মুখোশ পরে নামেন কি না! স্টিভেন ফিন একাদশে ফিরতে পারেন ক্রিস ওকস কিংবা ক্রিস জর্ডানের একজনের বদলে।
মঈন আলী আছেন বলে ওভালেও চার পেসার নিয়ে নামতে পারছে ইংল্যান্ড! মঈন আছেন বলে দুই স্পিনার নিয়েও ওভাল স্বস্তি দিচ্ছে না ভারতকে। ম্যাচের ভাগ্যও কি মঈনের হাতেই? এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।