
১৩ হার নিয়ে বিদেশে সবচেয়ে বেশি টেস্ট হারা ভারত অধিনায়কের তকমাটি তিনি আগেই গায়ে লাগিয়েছেন। আর মাত্র তিনটি টেস্ট হারলেই ক্রিকেট ইতিহাসে বিদেশে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়ক হিসেবেও লারা-ফ্লেমিংকে ছুঁয়ে ফেলবেন, চারটি হারলে ছাড়িয়ে যাবেন এ দুজনকে। ওভাল টেস্টের প্রথম দিন শেষে মনে হচ্ছে, তিনের জায়গায় দুই আর চারের জায়গায় তিন হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। অন্তত প্রথম ইনিংস শেষে ভারতের ব্যাটিংয়ে সেই আভাসই থাকল। বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম দিনই ভারত অলআউট ১৪৮ রানে। দিন শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৬২।
মধ্যাহ্ন বিরতির আগে ৪৩ রান তুলতে ৫ উইকেট নেই ভারতের। যে মঈন আলীকে নিয়ে একটু বাড়তি দুশ্চিন্তায় ছিলেন ধোনিরা, সেই মঈন আলী বল হাতে নেওয়ার আগেই ধসে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার। চার ইংলিশ পেসার অ্যান্ডারসন-ব্রড-ওকস আর জর্ডান মিলেই গুটিয়ে দিলেন ভারতকে। গম্ভীর-রাহানে রানের খাতাই খুলতে পারেননি। দুই অঙ্কে পৌঁছাতে পারেননি কোহলি-পূজারা-বিনিরা। ৭৯ রানে ৮ উইকেট হারানোর পর তো ইংল্যান্ডের বিপক্ষে আরেকবার ১০০ রানের নিচে অলআউট হওয়ার চোখ রাঙানিও ছিল ভারতের সামনে। তবে শেষ উইকেটে ঈশান্ত শর্মার সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে সেই লজ্জা থেকে দলকে বাঁচিয়েছেন ধোনি। ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে একমাত্র ব্যতিক্রম তিনি। ভারতের ইনিংসে সর্বোচ্চ ৮২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। স্টার স্পোর্টস ১।