ওমানে সাইক্লোন, বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা নিয়ে শঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ রাতেই ওমান যাত্রার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। রাত ১০টা ৪০ মিনিটে ছিল ফ্লাইট। কিন্তু আজ বাংলাদেশের যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ, ঘূর্ণিঝড়। ‘শাহীন’ নামের এক ঘূর্ণিঝড়ে এ মুহূর্তে জেরবার মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ওমান।
ঝড়ের কারণে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইটের সূচি বদল করা হয়েছে। আজ এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে ওমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়, ‘ঝুঁকি এড়াতে আর বিমানবন্দরে কাজ যেন ব্যাহত না হয় সে জন্য মাসকাট বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ও মাসকাটে আগমনের অপেক্ষায় থাকা সব বিমানের সূচি বদল করা হয়েছে।’
বিশ্বকাপের জন্য রওনা দেওয়ার আগে গতকাল বাংলাদেশ দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় দলের সবাই করোনা নেগেটিভ হয়েছেন। সব ঠিক থাকলে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ওমান পৌঁছে একদিনের কোয়ারেন্টিনে থাকবেন। এরপর ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। দলের সঙ্গে ওমানেই জাতীয় দলের সকল কোচিং স্টাফের যোগ দেওয়ার কথা। তবে এখনো পর্যন্ত খবর, ফ্লাইট বাতিল হওয়ায় তারা দুবাইয়ে আটকা পড়েছেন। আজ সন্ধ্যায় তাদের রওনা হওয়ার সম্ভাবনা আছে।
ওমানে টানা চার দিন অনুশীলনের পর আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ১২ ও ১৪ অক্টোবর আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৫ অক্টোবর ওমানে ফিরলে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপের মূল লড়াই। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদউল্লাহর দল। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৯ ও ২১ অক্টোবর প্রথম পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এদিকে,বিসিবি সূত্রে জানা গেছে, একটু দেরি হলেও এখন পর্যন্ত আজই বাংলাদেশ দলের ওমান সফর করার কথা। তবে বিষয়টি নিশ্চিত জানা যাবে সন্ধ্যার পর।