ওয়াইফ 'ইয়েস' গার্লফ্রেন্ড 'নো'

বিরাট কোহলির মন খুব খারাপ। বিশেষ এক নির্দেশে ভারতীয় ক্রিকেট দলের অনেক ক্রিকেটারই অস্ট্রেলিয়া সফরের বাকি সময়টা সঙ্গে প্রিয়জনকে রাখতে পারলেও হালের সেনসেশন কোহলির সে সৌভাগ্য হচ্ছে না। তিনি অস্ট্রেলিয়া নিতে পারছেন না তাঁর ‘প্রিয়’ আনুশকা শর্মাকে। কারণ তাঁরা যে বিবাহিত নন। ভারতীয় ক্রিকেট বোর্ড যে কেবল ‘বিয়ে করা’ স্ত্রীকেই অস্ট্রেলিয়া নিয়ে যেতে দিচ্ছে!
অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দলের অবস্থা তথৈবচ। অ্যাডিলেড ও ব্রিসবেনের দুই টেস্ট হেরে এই সফরে লজ্জা বরণের শঙ্কাতেই আছে ভারতীয় ক্রিকেট দল। বিপর্যয়কর পরিস্থিতি দলের খেলোয়াড়দের উজ্জীবিত করতেই কিনা, বিসিসিআইয়ের তরফ থেকে হঠাৎ নির্দেশনা, ‘অস্ট্রেলিয়াতে স্ত্রী-সন্তান নিয়ে যাও। সময়টা উপভোগ করো। সিরিজের বাকি খেলাগুলোতে ভালো খেলো।’
বোর্ডের এমন নির্দেশনায় কোহলির মনের অবস্থা দূর থেকেই পড়া যাচ্ছে। অস্ট্রেলিয়াতে যে কোনোভাবেই তাঁর চিত্রনায়িকা বান্ধবীকে নিয়ে আসা সম্ভব নয়। গেলবারের ইংল্যান্ড সফরে বাড়াবাড়ি করে এই সুযোগ যে নিজেরাই হারিয়েছেন। গত বছর ইংল্যান্ড সফরে ৩-১ ম্যাচে সিরিজ হারের পর অনেকেই কোহলির সঙ্গে আনুশকার মেলামেশা নিয়ে আপত্তি তুলেছিলেন। সিরিজে কোহলির নিজের পারফরম্যান্সও এতটাই খারাপ ছিল যে আপত্তির ব্যাপারটা আমলে নিয়ে বোর্ডও সফরে বান্ধবী নিয়ে যাওয়াতে জারি করে দেয় নিষেধাজ্ঞা।
অস্ট্রেলিয়া সফরে রবিচন্দ্রন অশ্বিন, মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, মুরলি বিজয়, উমেশ যাদবসহ প্রায় সবাই নিজেদের স্ত্রীদের উড়িয়ে নিচ্ছেন অস্ট্রেলিয়া। সতীর্থরা প্রিয়জনের সান্নিধ্যে থাকবেন আর এই সময় কোহলিকে ঘুরতে হবে মুখ কালো করে।
এদিকে, বোর্ডের নির্দেশনার কারণে ‘মুড অফ’ থাকার কারণেই কিনা আনুশকার সঙ্গে নাকি একচোট ঝগড়া হয়ে গেছে কোহলির। তাঁদের দুজনের ঝগড়ার কারণ হচ্ছে একটি ভারতীয় পত্রিকার প্রচ্ছদে আনুশকার ছাপা হওয়া খোলামেলা ছবি। কোহলি নাকি এই ছবি দেখে রীতিমতো ক্ষুব্ধ। আনুশকাকে ফোন করে উষ্মা জানাতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন প্রিয়তমা। নিজের কাজে হস্তক্ষেপ করার ব্যাপারটি মোটেও সহজভাবে নেননি বলিউডের এই আলোচিত সম্ভাবনাময় নায়িকা। সূত্র: এই সময়।