ওয়াকারের দুই দুশ্চিন্তা
ফিল্ডিংয়ে উন্নতি দরকার। উন্নতি দরকার ব্যাটিংয়েও, বিশেষ করে শর্ট বলের বিপক্ষে। আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তান দলকে এমন ব্যবস্থাপত্রই দিলেন কোচ ওয়াকার ইউনিস।
আর এই ব্যবস্থাপত্র এল পরশু ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ৬৮ রানে হেরে ২-৩ ব্যবধানে সিরিজ হারের পর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ২৭৫ রান তাড়া করতে গিয়ে ওয়াকারের পাকিস্তান ২০৭ রানেই অলআউট। পাকিস্তানকে এই রানে গুঁড়িয়ে দেওয়ার মূল কুশীলব ছিলেন পেসার ম্যাট হেনরি। ৩০ রানে নিয়েছেন ৫ উইকেট, যা তাঁর ক্যারিয়ার সেরা। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনেই পাকিস্তান একপর্যায়ে ১১৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। সুনির্দিষ্টভাবে পরশুর ম্যাচ নিয়ে ওয়াকার কিছু না বললেও বললেন করণীয় নিয়ে, ‘ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে আমাদের। ফিল্ডিংটা আমাদের ভালো হয়নি। যেহেতু আমাদের অস্ট্রেলিয়ায় (বিশ্বকাপ খেলতে) যেতে হবে, শর্ট বল নিয়েও কাজ করা দরকার। বিশ্বকাপে ভালো করার জন্য এই দুটি দিকে নজর দিতে হবে আমাদের।’
দলকে নিয়ে যখন উন্নতির চিন্তা ওয়াকারের, তখন ব্রেন্ডন ম্যাককালামের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া কেন উইলিয়ামসনের কণ্ঠে তৃপ্তি, ‘বিশ্বকাপের এখনো বাকি। ভালো দিক যে সেটি হবে আমাদের কন্ডিশনেই। তবে এই সিরিজ জয় একটা বড় অর্জন।’ এএফপি, ক্রিকইনফো।