ওয়ানডে অধিনায়ক কুক ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিনের ক্রিকেটে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না অ্যালিস্টার কুকের। সর্বশেষ ২২ ইনিংসে ফিফটি করেছেন মাত্র ১টি। অধিনায়ক হিসেবেও সাফল্য নেই। শ্রীলঙ্কার কাছে সম্প্রতি ৫-২ ব্যবধানে সিরিজ হারটা ২০১৪ সালে পঞ্চম সিরিজে ইংল্যান্ডের চতুর্থ পরাজয়। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজে একমাত্র যে সিরিজটা জিতেছে ইংল্যান্ড, সেটিতে আবার অধিনায়ক ছিলেন না কুক। এমন পরিস্থিতিতে অনুমান করা হয়েছিল যে ওয়ানডেতে দলের অধিনায়কত্ব হারাতে পারেন কুক। সে অনুমানই সত্যি হলো। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আনুষ্ঠানিক ঘোষণাটা এখনো আসেনি, কিন্তু ইংলিশ সংবাদমাধ্যমের খবর, ওয়ানডে অধিনায়ক হিসেবে ছাঁটাই করা হয়েছে কুককে। নতুন অধিনায়ক এউইন মরগান।
আগামী মাসে স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের ১৬ জনের দল চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন ইংল্যান্ডের নির্বাচকেরা। সেখানেই অধিনায়ক হিসেবে কুককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। বিশ্বকাপের আগে মরগানের অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজেই। ক্রিকেট তীর্থ লর্ডসে আজই মরগানকে অধিনায়ক হিসেবে ইসিবির পরিচয় করিয়ে দেওয়ার কথা। ঘোষণা করার কথা ত্রিদেশীয় সিরিজের ১৬ সদস্যের দলও। ক্রিকইনফো, এএফপি।