ওয়ানডে ছাড়লেন হাডিন

ওয়ানডে ছাড়বেন, বলেছিলেন বিশ্বকাপ ফাইনালের আগেই। আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি ছিল। কাল সেই ঘোষণাও দিয়ে দিলেন ব্র্যাড হাডিন। তবে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় বললেও টেস্ট খেলে যেতে চান অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
রঙিন পোশাকে প্রায় দেড় দশকের ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়ে ৩৭ বছর বয়সী হাডিন বলেন, ‘ওয়ানডে ক্যারিয়ারে আমি দারুণ একটি সময় পার করেছি। একই সঙ্গে আমি ভাগ্যবান যে দলের হয়ে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছি। ওয়ানডে থেকে অবসর নেওয়ার এখনই সঠিক সময়।’
২০০১ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় হাডিনের। তবে উইকেটের পেছনে জায়গাটা স্থায়ী হয় ২০০৮ সালে অ্যাডাম গিলক্রিস্ট অবসর নেওয়ার পর। ১২৬ ওয়ানডেতে তাঁর ডিসমিসাল ১৮১টি। গিলক্রিস্ট (৪৭০) ও ইয়ান হিলির (২৩৩) পরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ ডিসমিসাল তাঁর। ব্যাট হাতে ৩১.৫৩ গড়ে করেছেন ৩১২২ রান। ওয়ানডেতে হাডিনের দুটি সেঞ্চুরি, দুটিই নিউজিল্যান্ডের বিপক্ষে। তৃপ্তি নিয়েই ওয়ানডে ক্যারিয়ারে যতি টানছেন হাডিন, ‘আমার মতো সন্তুষ্টি নিয়ে খুব কম ক্রিকেটারই অবসরে যেতে পেরেছেন। আমি ভাগ্যবান যে ঘরের মাঠে বিশ্বকাপজয়ী দলে ছিলাম। আর অবসরের সময় অস্ট্রেলিয়াকে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে দেখে যেতে পারছি। আমাদের সব অর্জনের জন্য আমি গর্বিত।’
দারুণ এক ওয়ানডে ক্যারিয়ারের জন্য বিদায়বেলায় হাডিনকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও, ‘ব্র্যাডের দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া অভিনন্দন জানাচ্ছে। ক্যারিয়ারের পুরোটা সময়ই সে অস্ট্রেলিয়ার অসাধারণ উইকেটকিপার-ব্যাটসম্যানের ঐতিহ্য গৌরবের সঙ্গে ধরে রেখেছিল। আশা করি, টেস্ট ক্রিকেটেও নিজের অসাধারণ পারফরম্যান্স সে ধরে রাখবে, কারণ আমাদের সামনে ফ্রাঙ্ক ওরেল ট্রফি ও অ্যাশেজ রয়েছে।’ এএফপি, রয়টার্স।
হাডিনের ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ রান সর্বোচ্চ গড় সেঞ্চুরি ক্যাচ স্টাম্পিং
২০০১-২০১৫ ১২৬ ৩১২২ ১১০ ৩১.৫৩ ২ ১৭০ ১১