ওয়ানডে দলে মুস্তাফিজ-লিটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

টি-টোয়েন্টির পর ওয়ানডে অভিষেকেরও সুযোগ এসে গেল মুস্তাফিজুর রহমানের সামনে। ভারতের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের জন্য কাল ঘোষিত ১৪ সদস্যের দলে এই বাঁহাতি পেসার ছাড়াও আছেন লিটন কুমার দাস। গত পাকিস্তান সিরিজের দল
থেকে বাদ পড়েছেন পেসার আবুল হাসান।
মুস্তাফিজকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে ওর পারফরম্যান্স ভালো। তা ছাড়া মুস্তাফিজ বাঁহাতি। তাঁকে দলে রাখার আরেকটা কারণ বোলিংয়ে বৈচিত্র্য আনা।’ মুশফিকুর রহিমের আহত আঙুলের অবস্থা এখন অনেকটাই ভালো হলেও ফারুক জানালেন, ওয়ানডেতে তাঁর উইকেটকিপিং করতে পারাটা এখনো নিশ্চিত নয়। সে জন্যই লিটনকে বিকল্প উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে রাখা। একটি সূত্রে অবশ্য জানা গেছে, নির্বাচকেরা চেয়েছিলেন এই জায়গায় এনামুল হককে দল ফেরাতে। কিন্তু কোচ-অধিনায়ক লিটনকেই চেয়েছেন। এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করলেও প্রধান নির্বাচক বলেছেন, ‘এ মুহূর্তে আমাদের দল ভালো খেলছে। ভারতের বিপক্ষে ওয়ানডেতেও আমরা ভালো কিছুই আশা করছি। কোচ-অধিনায়কের মতামতটা সে জন্যই গুরুত্বপূর্ণ।’

লিটন কুমার দাস
লিটন কুমার দাস

ভারতের বিপক্ষে টেস্টে সিরিজের দলের সঙ্গে ওয়ানডের দলে পরিবর্তন ছয়টি। টেস্ট দলের শুভাগত, শহীদ, তাইজুল, জুবায়ের, হাসান ও ইমরুল নেই ওয়ানডে দলে। দলে এসেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রনি তালুকদার ও মুস্তাফিজ।
ওয়ানডে সিরিজের বাংলাদেশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস।
ওয়ানডে সিরিজের সূচি
১৮ জুন ১ম ওয়ানডে বেলা ৩টা
২১ জুন ২য় ওয়ানডে বেলা ৩টা
২৪ জুন ৩য় ওয়ানডে বেলা ৩টা
তিনটি ম্যাচই মিরপুরে