ওয়ানডে মাথায়, মন আপাতত পি সারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শততম টেস্ট স্মরণীয় করে রাখতে পারবে বাংলাদেশ? ছবি: এএফপি
শততম টেস্ট স্মরণীয় করে রাখতে পারবে বাংলাদেশ? ছবি: এএফপি

শ্রীলঙ্কান সময় আজ বিকেল সাড়ে ৫টায় আরও পাঁচ সতীর্থকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে কলম্বো এসে পৌঁছাবেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে দলে জায়গা পাওয়া শুভাগত হোম, নুরুল হাসান, সানজামুল ইসলাম তো আছেনই। শুধু মাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে আসছেন আবুল হাসান ও সাইফউদ্দিন। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে বরণ করে নেওয়ার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট। এই তো আর সামান্য সময়ের অপেক্ষা। 

বাংলাদেশের অনুপ্রেরণাদায়ী অধিনায়কের আগমন সংবাদেই গোটা দল যেন চাঙা হয়ে উঠেছে। কাল রাতে তাজ সমুদ্র হোটেলে গিয়ে সেটি বেশ টের পাওয়া গেল। দুই টেস্টের টেস্ট সিরিজটা যা-ই হোক ওয়ানডে সিরিজের ফলটা পক্ষে আসবে, এমন একটা বিশ্বাস ছড়িয়ে পড়েছে। ওয়ানডেতে শ্রীলঙ্কা দলটির অভিজ্ঞতা আরও কম, এটাও রয়েছে ওই বিশ্বাসের ভিত্তিমূলে। গলে দলের সঙ্গে যেভাবে অনুশীলন করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস, তাতে ধারণা করা গিয়েছিল চোট কাটিয়ে অধিনায়ক হয়েই ওয়ানডে দলে ফিরছেন শ্রীলঙ্কার নিয়মিত টেস্ট অধিনায়ক। ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক রঙ্গনা হেরাথ নিজেই এই প্রতিবেদকের কাছে সেরকম আভাস দিয়েছিলেন। কিন্তু কাল ঘোষিত ওয়ানডে দলে দেখা গেল ম্যাথুসের নাম নেই। অধিনায়ক উপুল থারাঙ্গা, দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়া দল থেকে বাদ পড়েছেন তিনজন। নতুন মুখ পাঁচটি। অধিনায়ক হিসেবে থারাঙ্গা অস্ট্রেলিয়া থেকে কদিন আগেই টি-টোয়েন্টি সিরিজ জিতে ফিরলেও তাঁর অধিনায়কত্ব শ্রীলঙ্কায় তেমন বন্দিত নয়। সুতরাং নিজেদের সবচেয়ে প্রিয় সংস্করণ ওয়ানডেতে জয়ের আশাটা এবার একটু বেশি করেই তো জাগে! ২০১৩ সালে গত সফরেই বাংলাদেশ প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কার মাটিতে। সূত্র অনুযায়ী এবার তো তাহলে প্রথম ওয়ানডে সিরিজ জয়! ম্যানেজার খালেদ মাহমুদ বললেন, ‘সিরিজ জয়েরই চেষ্টা থাকবে আমাদের।’ ডাম্বুলায় আগামী ২৫ মার্চ শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
পি সারায় শততম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হতে না হতেই ওয়ানডে সিরিজের চিন্তা! তাহলে কি টেস্ট দ্রুতই পাল্টা ওলটানোর দিকে ধাবিত? মোটেই তা নয়। দল ঘনিষ্ঠ সূত্রে যা জানা যাচ্ছে, মুশফিকের দল শেষ দিনে ২০০ রান তাড়া করে জয় পাওয়ার মানসিকতায় উদ্বুদ্ধ। শ্রীলঙ্কা যদি দ্বিতীয় ইনিংসে ৩০০ রানে অলআউট হয়, তাহলে তারা এগিয়ে থাকবে ১৭১ রানে। অর্থাৎ বাংলাদেশের সামনে তখন জয়ের লক্ষ্য দাঁড়াবে ১৭২ রান। ওটা ২০০ পর্যন্ত গেলেও ক্ষতি নেই। আজ চা বিরতির সময় এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কাকে তিন শর সামান্য বেশি রানের মধ্যে বেঁধে ফেলার আশাটা অমূলক মনে হচ্ছে না। লাঞ্চের পর মোস্তাফিজ ও সাকিবের বোলিংয়ে পাঁচ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজ। তাঁর বলে ফিরে যেতে হয়েছে কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। এই স্পেলে মোস্তাফিজের বোলিং বিশ্লেষণ: ৭-১-২৪-৩। নিজেকে অনেকটাই পুনরাবিষ্কার করা সাকিব তুলে নিয়েছেন আসেলা গুনারত্নে ও নিরোশান ডিকভেলার উইকেট দুটি। শ্রীলঙ্কা এই মুহূর্তে ৬ উইকেটে ২০৬। লিড সাকল্যে ৭৭ রান। কত দূর যেতে পারবে হেরাথের দল?
ওয়ানডে সিরিজটা মাথায় ঘুরছে, তবে বাংলাদেশ পি সারা ওভালে আপাতত শততম টেস্ট জয়ের চিন্তাটা ছাড়েনি।