ওয়ানডে ম্যাচে ট্রিপল সেঞ্চুরি!

মানুষ আকাশে উড়তে পারবে? এক সময় শুধু কল্পনা আর স্বপ্ন হয়ে থাকা এই ইচ্ছাটি পূরণ করে দিয়েছিলেন রাইট ভাইয়েরা। মানুষ প্রতি নিয়ত তাঁর ক্ষমতার সীমাকে পেরিয়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গনেও নিত্য নতুন গড়ে চলেছে কীর্তি। ১০ সেকেন্ডের নিচে কেউ ১০০ মিটার দৌড়াতে পারবে, এটাও তো ছিল অকল্পনীয়।
প্রশ্নটা রোহিত শর্মা তুলে দিয়েছিলেন। গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ২৬৪ রান করার পর। ওয়ানডেতেও কি সম্ভব ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর? এমন নয় রোহিত সেদিন ভয়ানক মেরে খেলেছেন। স্ট্রাইক রেট ছিল ১৫২.৬০। ক্রিকেটের বদলে যাওয়া মানচিত্রে অনেকেই মনে করেন, একদিনের ক্রিকেটে ত্রিশতক হাঁকানো খুবই সম্ভব। সেটাই করে দেখালেন লিয়াম লিভিংস্টোন। গতকাল ইংল্যান্ডের জাতীয় ক্লাব চ্যাম্পিয়নশিপে মাত্র ১৩৮ বলে ৩৫০ রান করেছেন। সেটিও ৪৫ ওভারের ম্যাচে।

এমন নয়, টুর্নামেন্টটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ফেলনাও নয়। ১৯৬৯ সালে চালু হয়েছিল নকআউট ভিত্তিক এই টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে ন্যানটউইচের হয়েছে ৩৪টি চার ও ২৭ ছক্কায় এই ইনিংসটি খেলেন লিভিংস্টোন। প্রতিপক্ষ ছিল ক্যালডি। তাঁর দলও ৪৫ ওভারে সাত উইকেটে করে ৫৭৯ রান।
এমন একটা ইনিংস খেলার পর ২১ বছর বয়সী লিভিস্টোনের টুইট, ‘বাজে দিনও তো আসে! ধন্যবাদ সবাইকে আপনাদের শুভকামনার জন্য।’ বিবিসি স্পোর্টকে বলেছেন, ‘১০০ হওয়ার পর আমি শুধু চেষ্টা করে গেছি প্রতিটা বলেই ছক্কা হাঁকাতে। যখন ২০০-৩০০-এর ঘরে পৌঁছালাম, তখনই বুঝেছি, বিশেষ কিছু একটা ঘটতে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছেও খানিকটা অবাস্তব ঠেকছে। এখনো নিজে বিষয়টা হজম করে উঠতে পারিনি। তবে খুবই গর্বিত নিজেকে নিয়ে। মা আর বাবা এদিন মাঠে এসে খেলা দেখেছেন।’
এ ধরনের ক্রিকেটের নির্ভরযোগ্য রেকর্ড খুঁজে পাওয়া কঠিন। তবে ধারণা করা হচ্ছে, একদিনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে এটাই সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০০৮ সালে ভারতের হায়দরাবাদে স্কুল ক্রিকেটে ১৫ বছর বয়সী নিখিলেশ সুরেন্দ্রন ৩৩৪ রানের ইনিংস খেলেছিল।
ওহ্, বলাই তো হয়নি। ম্যাচটায় ক্যালডি অলআউট হয়েছে ৭৯ রানে। লিভিংস্টোনের দল জিতেছে ঠিক ৫০০ রানের ব্যবধানে! সূত্র: এএফপি, বিবিসি।