ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি
খেলার বাইরে থাকায় ‘নিষিদ্ধ’ সাকিব আল হাসান পিছিয়ে পড়েছিলেন আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে । গত মাসে বাংলাদেশের অলরাউন্ডারকে চারে ঠেলে তিনে উঠে এসেছিলেন ভারতের রবীন্দ্র জাদেজা। মাঝপথে পণ্ড হওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আবারও অদলবদল হয়েছে দুজনের অবস্থান। এবার তিনে উঠে এসেছেন আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাওয়া সাকিব। শীর্ষে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
ব্যাটিংয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সই। তবে অদলবদল হয়েছে দুই ও তিন নম্বর জায়গা দুটি। অনেক দিন পর ফর্মে ফেরা ভারতের বিরাট কোহলি হাশিম আমলাকে তিনে ঠেলে উঠে এসেছেন দুইয়ে। বোলিংয়ে সবার ওপরে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ সাঈদ আজমল। দুইয়ে আরেক সন্দেহভাজন অ্যাকশনের স্পিনার সুনীল নারাইন। উল্লেখযোগ্য পরিবর্তন বলতে ভুবনেশ্বর কুমারের শীর্ষ দশে ঢোকা। সাত ধাপ এগিয়ে এখন ওয়ানডের সপ্তম সেরা বোলার ভারতের এই পেসার। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশের সেরা সাকিব (ব্যাটিংয়ে ৩১তম ও বোলিংয়ে ২২তম)। তথ্যসূত্র: আইসিসি।