
কার আফসোসটা বড়, সাঈদ আজমল নাকি ফাওয়াদ আলমের? বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন বলে আজমল সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। তবে ফিরে এসে কাল তৃতীয় ম্যাচেই নেমে পড়েন মাঠে। পরীক্ষায় নেতিবাচক কিছু ধরা পড়লে নেমে আসতে পারে নিষেধাজ্ঞা। তার আগে এই ম্যাচটায় আজমল হয়তো কিছু করে করে দেখানোর তাড়নাই বোধ করছিলেন। কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানরা সেই সুযোগই দিলেন না!
ডাম্বুলায় চূড়ান্ত ব্যাটিং-ব্যর্থতার প্রদর্শনী রেখে পাকিস্তান অলআউট ১০২ রানে। ওয়ানডেতে যেটা পাকিস্তানের নবম সর্বনিম্ন। এই পুঁজি নিয়ে স্পিনার আজমলের কীই-বা করার ছিল! ওর মধ্যেই একটা উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন ইরফান এবং ওয়াহাব রিয়াজও। তার পরও শ্রীলঙ্কা হেসেখেলেই জিতেছে ৭ উইকেটে।
ফাওয়াদের আক্ষেপটাও ওই ব্যর্থতার মিছিলেই। নেমেছিলেন ১৪ রানে ৩ উইকেট পতনের পর। উইকেটে এসেও হয়ে গেলেন সতীর্থদের যাওয়া-আসার মিছিলের দর্শক! শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ ইরফান যখন উইকেট বিলিয়ে দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা ধরলেন, ও প্রান্তে ঠায় দাঁড়িয়ে রইলেন ফাওয়াদ। যেন বিশ্বাসই করতে পারছিলেন না, সঙ্গী আর কেউ নেই!
পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ৮১ রান করার পর নামে বৃষ্টি। খেলা আবার শুরু হলেও ম্যাচটা নেমে আসে ৪৮ ওভারে। কিন্তু ৩২.১ ওভারে গুঁড়িয়ে যাওয়া দলের জন্য সেটাও অনেক লম্বা। আর শ্রীলঙ্কা তো লক্ষ্যটা ছুঁয়ে ফেলেছে ১৮.২ ওভারেই। এই জয়ে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজটাও ২-১-এ জিতে নিল শ্রীলঙ্কা। ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন থিসারা পেরেরা। তিনিই ম্যাচ এবং সিরিজ সেরা। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩২.১ ওভারে ১০২ (শেহজাদ ১০, শারজিল ০, হাফিজ ১, মিসবাহ ১৮, ফাওয়াদ ৩৮*, উমর ৭, মাকসুদ ৭, আফ্রিদি ২, ওয়াহাব ০, আজমল ৬, ইরফান ৫; প্রসাদ ২/২৫, মালিঙ্গা ১/১৭, ম্যাথুস ০/১১, হেরাথ ১/৬, থিসারা ৪/৩৪, প্রসন্ন ১/৮)। শ্রীলঙ্কা: ১৮.২ ওভারে ১০৪/৩ (থারাঙ্গা ১৪, দিলশান ৫০*, সাঙ্গাকারা ২, জয়াবর্ধনে ২৬, ম্যাথুস ০*; ইরফান ১/৩৭, ওয়াহাব ১/৪২, আজমল ১/১০, আফ্রিদি ০/৮)।
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী (ডি/এল)।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২-১-এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: থিসারা পেরেরা।
ম্যান অব দ্য সিরিজ: থিসারা পেরেরা।