ওয়ানডেতে আর ফিরবেন না আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আফ্রিদি। ফাইল ছবি
শহীদ আফ্রিদি। ফাইল ছবি

টেস্টকে বিদায় জানিয়েছেন আগেই। বিশ্বকাপের পর পরই বিদায় জানিয়েছেন ওয়ানডেকে। শহীদ আফ্রিদি এখন শুধু খেলবেন ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম সংস্করণে। পাকিস্তান ক্রিকেটের আরেক কান্ডারি মিসবাহ-উল-হকও তুলে রেখেছেন ক্রিকেটের রঙিন জার্সি। খেলবেন শুধু টেস্টে। তবে সদ্য এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর আবার পাকিস্তানের সমর্থকদের মধ্যে এখন আহাজারি, ‘আহা! আজ যদি আফ্রিদি-মিসবাহরা থাকত।’

দল যতই দুঃসময়ে থাকুক, ওয়ানডেতে আর ফিরবেন না মিসবাহ। ফেরার সম্ভাবনা আগেই নাকচ করে দিয়েছিলেন আফ্রিদিও। তবে ‘আফ্রিদি’ নামটাই এমন, শেষ বলে কিছু নেই। এর আগেও তিনি একাধিকবার অবসরের ঘোষণা দিয়েও ফিরে এসেছেন দলের চরম বিপদের মুহূর্তে। পাকিস্তান ক্রিকেট ভক্তদের মনে তাই এখনো খানিকটা আশার আলো উঁকিঝুঁকি দেয়। এবারও যদি ফিরে আসেন আফ্রিদি! আবারও যদি এসে ধরেন ডুবতে থাকা দলটির হাল! অভিজ্ঞতার জাদুর কাঠি দিয়ে সকল ঝড়-ঝাপটা বুক পেতে সামলে করে দলকে এগিয়ে নেন!

কিন্তু এগুলো শুধুই পাকিস্তান সমর্থকদের কল্পনা বিলাস হয়েই থেকে যাচ্ছে। বার্তা সংস্থা পিটিআই মারফত জানা গেল, এবারের সিদ্ধান্তে একেবারে অনড় আফ্রিদি। ওয়ানডেতে ফেরার আর কোনো সম্ভাবনাই নেই ক্রিকেটের এক সময়ের দ্রুততম সেঞ্চুরির মালিকের। ফেরার সম্ভাবনাকে এক কথায় নাকচ করে দিয়ে বললেন, ‘আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।’

তিনি বরং অতীতমুখী না হয়ে, সমর্থকদের তাকাতে বলছেন ভবিষ্যতের দিকে। পাকিস্তান দলকে নতুন যুগে প্রবেশ করতেই হবে, আর সেই রূপান্তরের সময়টায় দল এলোমেলো থাকেই। তরুণ দলটাকে তাই সময় দিতে বললেন, ‘আমাদের বুঝতে হবে যে এখন যারা খেলছে তারা নতুন মুখ। মাঠের সঙ্গে খাপ খাওয়াতে কিছুটা সময়ের প্রয়োজন। এ জন্য যথাযথ সময়টা তাদেরকে দিতে হবে।’ ওয়ানডে নিয়ে একেবারেই মাথা ঘামাতে চান না এই অলরাউন্ডার। তাঁর চিন্তা-ভাবনাজুড়ে এখন শুধুই টি-টোয়েন্টি। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা তুলে ধরতে চান। এ জন্য কাজ করে চলেছেন টি-টোয়েন্টির দলটিকে সেই উপযোগী করে গড়ে তুলতে দলটির অধিনায়ক। চলতি ওয়ানডে সিরিজে যা-ই হোক, আফ্রিদির লক্ষ্য একমাত্র টি-টোয়েন্টিটা জেতা।