ওয়ার্নারের রান-রহস্য

সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে ৫৪.৩৩ গড়ে করেছেন ১৬৩ রান। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি। ওয়ার্নারের এই রানে থাকার রহস্যটা কী? মনোবিদের পরামর্শ! অস্ট্রেলিয়া দলের মনোবিদ মাইকেল লয়েডই সেই মানুষ, যাঁকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্নার।
অস্ট্রেলীয় ওপেনার রেডিও স্টেশন থ্রিএডব্লুকে খুলে বলেছেন তাঁর ধারাবাহিক রান পাওয়ার কারণ, ‘ম্যাচে উত্তেজনার মধ্যেও আপনি চেষ্টা করবেন নির্ভার থাকতে। এ সময় মনকে শান্ত রাখা দরকার।’ সব সময়ই শট খেলতে হবে, এমন চাপ নিতে মোটেও রাজি নন ওয়ার্নার। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই তাঁর কাছে আসল ব্যাপার। চাপে থাকলে কী করা উচিত কথা বলেছেন তা নিয়েও ‘নিজের ওপর চাপ থাকলে মনকে বলা উচিত, সব ঠিক আছে। এখন শুধু স্ট্রাইকটা তুমি বদল করো। আমি এ পদ্ধতিই অনুসরণ করছি।’
বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাতে উদগ্রীব এই ওপেনার, ‘টেস্টের মতো ওয়ানডেতেও ফাঁকা জায়গা বের করা, সেখানে বল ঠেলা...এগুলো আমি করার চেষ্টা করছি। তবে ভুলে যাবেন না, মারার বল পেলে আমি মারবই।’ এএফপি।