ওয়ার্নারের সেঞ্চুরির পরও পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জো রুটকে ঘুষি মেরে দুই টেস্টে নিষিদ্ধ। টুইটারে দুই সাংবাদিকের সঙ্গে বিবাদে জড়িয়ে জরিমানা গোনা। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ৭ টেস্টে ২৩.৭৮ গড়ে মাত্র ৩৩৩ রান। ২০১৩ সালটা মোটেও ভালো যায়নি ডেভিড ওয়ার্নারের। সেই ওয়ার্নারের নামই এখন বসে গেল স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পাশে। ডনের মতোই এই অস্ট্রেলিয়ান ওপেনার করলেন টানা তিন ইনিংসে তিনটি সেঞ্চুরি! কাল দুবাই টেস্টের তৃতীয় দিনের সকালে সেঞ্চুরির পর ওয়ার্নারের সর্বশেষ ছয়টি ইনিংস—১১৫, ৭০, ৬৬, ১৩৫, ১৪৫ ও ১৩৩। গত ১২ মাসে টেস্টে ৭৪.৯৩ গড়ে ১১৯৯ রান, বোঝাই যাচ্ছে কী দুর্দান্ত ফর্মে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার।
তবে ওয়ার্নারের অসাধারণ ব্যাটিংয়ের পরও দুবাই টেস্টে রাজত্ব করছে পাকিস্তান। ওয়ার্নার-রজার্স উদ্বোধনী জুটিতে ১২৮ রান করার পরও অস্ট্রেলিয়া অলআউট ৩০৩ রানে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৮ রান তুলে পাকিস্তান এগিয়ে গেছে ১৮৯ রানে। প্রথম ইনিংসে ৭ রানেই ২ উইকেট হারানো দলটিরই হাতেই এখন ম্যাচের লাগাম।
আগের দিনের সংগ্রহের সঙ্গে আরও ১৫ রান যোগ হওয়ার পরই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩৮ রান করে ক্রিস রজার্স ফেরার পর ওয়ার্নারকে এক পাশে রেখেই একে একে আউট হয়ে যান অ্যালেক্স ডুলান, মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথ। অভিষিক্ত লেগ স্পিনার ইয়াসির শাহর দ্বিতীয় শিকার হওয়া ওয়ার্নার আউট হয়েছেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। তথ্যসূত্র: ক্রিকইনফো, টেন ক্রিকেট।