ওয়াহাব রিয়াজের স্বপ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের কষ্টার্জিত জয়টাই বদলে দিয়েছে ওয়াহাব রিয়াজকে। সেদিন আট নম্বরে ব্যাট করতে নেমে খেললেন ৪৬ বলে ৫৪ রানের অনবদ্য এক ইনিংস। বল হাতেও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের নাকাল করে তুলে নিলেন ৪ উইকেট। এমন ‘অলরাউন্ড’ নৈপুণ্যের পর নিজেকে ‘অলরাউন্ড’ ভাবাটা অন্যায় কিছু নয়। কিন্তু ওয়াহাব রিয়াজের ভাবনাটা আরও বেশি গভীর, অনেক বেশি প্রত্যায়দীপ্ত। নিজের বোলার সত্তাটায় এখন আর তৃপ্তি নেই তাঁর। নিজেকে অন্যমাত্রায় নিয়ে যাওয়ার অভিপ্রায়ে তিনি এখন হতে চান পুরোদস্তুর অলরাউন্ডার। ব্যাটে-বলে পারফরম্যান্সটাকে করে ফেলতে চান নিয়মিতই।
বিশ্বকাপে একই ম্যাচে অর্ধশত রানের ইনিংস এবং ৪ বা ততোধিক উইকেট শিকারের রেকর্ড ছিল না আর কোনো পাকিস্তানির। প্রথম পাকিস্তানি হিসেবেই এমন কৃতিত্ব দেখিয়েছেন ওয়াহাব। বল হাতে পাকিস্তান দলে তাঁর উপস্থিতিটা নেহাতই কম দিনের নয়। কিন্তু অনিয়মিত পারফরম্যান্সের জন্য তাঁর ক্যারিয়ারে আছে বিস্তর আসা-যাওয়া।
টেস্ট অভিষেকেই নবম পাকিস্তানি হিসেবে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু সেই ফর্ম স্থায়ী হয়নি বেশি দিন। ফলে টেস্ট স্কোয়াডে এখনো পুরোপুরি নিয়মিত হতে পারেননি ওয়াহাব রিয়াজ। ওয়ানডেতে নিয়মিত উইকেট পান, তবে রানও দেন প্রচুর। ওয়ানডেতে তাঁর সেরা বোলিং ইনিংসটি এসেছে ভারতের বিপক্ষে। ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে ৪৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট। সাজঘরে ফিরিয়েছিলেন বীরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, যুবরাজ সিংয়ের মতো বিধ্বংসী ব্যাটসম্যানদের। তবে দলের পরাজয় অবশ্য ঠেকাতে পারেননি তিনি। কিন্তু সেই ম্যাচের পর ওয়ানডেতে কিছুটা নিয়মিত হয়েছিলেন তিনি। বতিনি যে ব্যাট করতে পারেন, এই সেদিনই ব্রিসবেনে তা জেনেছে সবাই।
তাঁর অলরাউন্ডার হওয়ার স্বপ্নটা কতটুকু যুক্তিযুক্ত? এ ক্ষেত্রে এই বোলার বলেন, ‘এটা ঠিক যে রাতারাতি আমি একজন অলরাউন্ডার হয়ে যেতে পারি না। দু-একটা ভালো ইনিংস খেলেই তো আর নিজেকে অলরাউন্ডার হিসেবে দাবি করতে পারি না। টিম ম্যানেজমেন্ট আমার পেছনে সময় ব্যয় করছে। কোচ আমাকে নেটে ব্যাটিং অনুশীলনে কিছুটা বাড়তি সময় দিতে বলেছেন। আমি চাইছি আমার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও উন্নত করতে।’
এমনিতেই মাঠের ভেতর-বাইরের নানা সমস্যায় জর্জরিত পাকিস্তান ক্রিকেট দল। একজন বাড়তি অলরাউন্ডারের উত্থান নিশ্চয়ই একটা সুখবরই। তবে নিজের স্বপ্ন কতটুকু পূরণ করতে পারেন ওয়াহাব রিয়াজ সময়ই তা বলে দেবে। তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো