ওয়েলিংটনে উইলিয়ামসন-ওয়াটলিং রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েলিংটনে রূপকথার নায়ক উইলিয়ামসন ও ওয়াটলিং ছবি: ক্রিকইনফো
ওয়েলিংটনে রূপকথার নায়ক উইলিয়ামসন ও ওয়াটলিং ছবি: ক্রিকইনফো

ব্যক্তিগত ২৯ ও ৬৯ রানে কেন উইলিয়ামসনের দুটো ক্যাচ ছেড়েছিলেন শ্রীলঙ্কার ফিল্ডাররা। ‘কৃতজ্ঞ’ কিউই ব্যাটসম্যান সেই বদান্যতার প্রতিদান দিয়েছেন ২৪২ রানের অনবদ্য এক ইনিংস খেলে। শুধু তা-ই নয়, বিজে ওয়াটলিংকে সঙ্গে নিয়ে গড়েছেন ৩৬৫ রানের রেকর্ড জুটি। আর তাতেই তিরোহিত লঙ্কানদের সিরিজ-সমতার স্বপ্ন। ওয়েলিংটন টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ৫২৪ রান তুলে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৩৯০ রানের দুরূহ এক লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। অথচ তৃতীয় দিন শেষে বেসিন রিজার্ভে জয়ের স্বপ্নই দেখছিল লঙ্কান-বাহিনী।

উইলিয়ামসনের ২৪২ আর বিজে ওয়াটলিংয়ের ১৪২। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুই কিউইর তোলা ৩৬৫ রান নিউজিল্যান্ডের পক্ষে তো বটেই টেস্ট ইতিহাসেরই সর্বোচ্চ। এই জুটি চতুর্থ দিনে প্রায় আট ঘণ্টা শ্রীলঙ্কাকে উইকেট-শূন্য রেখে রচনা করেছেন নিউজিল্যান্ডের ঘুরে দাঁড়ানোর কাহিনি। ৪৩৮ বল মোকাবিলা করে ১৮টি চারে সাজানো উইলিয়ামসনের ২৪২ আর ৩৩৩ বলে নয় চার ও এক ছয়ে গড়া ওয়াটলিংয়ের ১৪২ রানের দুটো ইনিংস নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকছে।

উইলিয়ামসন এই প্রথমবারের মতো তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। বিজে ওয়াটলিংয়ের এটি চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ২০০৬ সালের পর নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন উইলিয়ামসন। ওয়েলিংটনে সর্বশেষ সাতটি ইনিংসে উইলিয়ামসনের ৪০‍+ সংগ্রহ তাঁকে পরিণত করেছে নিউজিল্যান্ডের অন্যতম নিয়মিত পারফরমারে। অন্যদিকে ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বারের মতো দলের ১৫০‍+ কোনো জুটিতে অবদান রাখলেন ওয়াটলিং। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসেই ২০‍+ জুটির সংখ্যা মাত্র ছয়টি।

৩৯০ রানের লক্ষ্যমাত্রায় চতুর্থ দিন শেষ বিকেলে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে মাত্র ১৭ ওভার। আর এতেই ৪৫ রান তুলতে সাজঘরে ফিরেছেন দ্বিমুথ করুণারত্নে। কুশল সিলভা অপরাজিত আছেন ২০ রানে। করুণারত্নের বিদায়ের পর উইকেটে সদ্যই পা রেখেছেন ধাম্মিকা প্রসাদ। কাল টেস্টের শেষ দিনে লঙ্কান ব্যাটিং মুখোমুখি কঠিন এক চ্যালেঞ্জেরই। সূত্র: এএফপি, ক্রিকইনফো।