ওয়েস্ট ইন্ডিজ নিয়ে উদ্বিগ্ন ক্লার্কও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় উদ্বেগ তো অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের। একসময়ের প্রবল প্রতাপশালী দলটা এখন শুধুই তাদের সোনালি অতীতের ছায়া। সেটি মেনে নিয়েই ক্যারিবীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা বলেছেন কিংবদন্তি অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, ব্রায়ান লারারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে এখন পর্যন্ত দলটির যা পারফরম্যান্স, তাতে সেই উদ্বেগ যেন স্পর্শ করেছে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ককেও! তবে শুধু সেই উদ্বেগ জানিয়েই বসে থাকেননি ক্লার্ক, সমাধান কী হতে পারে, তাঁর একটা ধারণাও দিয়েছেন।
তিন টেস্ট সিরিজের প্রথম হোবার্ট টেস্টে তিন দিনেই অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই টেস্টে ছবিটা বদলানোর সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এই দৈন্যদশার কারণ হিসেবে রবার্টস, হোল্ডিং আর লারারা দায়ী করেছেন ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাবকে। লারা প্রশ্ন তুলেছেন ক্যারিবীয় ক্রিকেটারদের অনেকের দায়বদ্ধতা নিয়েও। বক্সিং ডে টেস্ট সামনে রেখে এ বিষয়ে কথা বলতে গিয়ে ক্লার্কের মতটাও অনেকটা লারার মতোই।
ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ খেলছে, অথচ অস্ট্রেলিয়াতেই ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, ড্যারেন স্যামিরা খেলছেন বিগ ব্যাশে। তাহলে কি দেশের চেয়ে তাদের কাছে ফ্র্যাঞ্চাইজি বড়? এই প্রশ্ন তুলে ক্লার্ক বলেছেন, ‘খুবই হতাশাজনক যে অনেকে এখানে বিগ ব্যাশে খেলছেন, কিন্তু তারা টেস্ট দলে নেই। আমার তো মনে হয় এদের মধ্যে অনেকেই আছে, যাদের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট একাদশে থাকার কথা।’
তথ্যগতভাবে ক্লার্কের কথা যদিও পুরো সঠিক নয়। বিগ ব্যাশে খেলতে গেলেও গেইল এ মুহূর্তে টেস্ট খেলার মতো ফিট নন—এটা গেইলেরই দাবি। চোটের সমস্যা আন্দ্রে রাসেলেরও। স্যামি-ব্রাভো বেশ আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন, সিমন্স কখনো ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে জায়গা পাকা করতে পারেননি। কিন্তু ক্লার্কের কথার মূল সুরের সঙ্গে মনে হয় না খুব বেশি ওয়েস্ট ইন্ডিয়ান দ্বিমত করবেন। ফিট থাকার পরও তো গেইল অতীতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলার চেয়ে টি-টোয়েন্টি লিগে খেলাটাকে প্রাধান্য দিয়েছেন! একই কাজ করেছেন ব্রাভো কিংবা সুনীল নারাইনরাও।
অস্ট্রেলিয়ার সামনে নতজানু ওয়েস্ট ইন্ডিজকে দেখে অস্ট্রেলিয়ান হিসেবে ক্লার্কের খুশি হওয়ার কথা। কিন্তু ক্লার্ক শুধু নিজের দেশের সাফল্যের কথাই ভাবছেন না। ভাবছেন, সামগ্রিকভাবে ক্রিকেটের ওপর এর প্রভাবের কথা। শুধু সাবেক খেলোয়াড় হিসেবে নয়, একজন ক্রিকেটপ্রেমী হিসেবেও তাই এই ব্যাপারটা পীড়া দেয় ক্লার্ককে, ‘আমার তো মনে হয় এই খেলাটার জন্য, টেস্ট ক্রিকেটের জন্য এটা খুব হতাশাজনক একটা ব্যাপার।’
এর সমাধান? খেলোয়াড়দের দর্শন না বদলালে এই পরিস্থিতি বদলানো কঠিন হবে বলে মনে করে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। এখানে আইসিসি কিংবা সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের ভূমিকাও দেখছেন ক্লার্ক, ‘আমি আশা করছি এটা বদলাবে। টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো ভালো এবং দেখার জন্য দারুণ। কিন্তু দেশকে প্রতিনিধিত্ব করার মতো গৌরব তো আর কিছুতেই নেই। আমার মনে হয় আইসিসি এবং এই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড মিলে একটা পথ বের করতে পারবে।’ সিডনি মর্নিং হেরাল্ড।