ওয়েস্ট ইন্ডিজ বলছে সফর বাতিল করেনি!

নাটক বেশ জমেই উঠেছে! ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানালেন, হঠাৎ ভারত সফর বাতিল করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিষয়টি নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও (ডব্লিউআইসিবি) সরব হয়েছে। শুক্রবার তারা জানিয়েছে, সফর বাতিল করেনি। বরং সংবাদমাধ্যম ‘উল্টো’ সংবাদ প্রকাশ করেছে!
ডব্লিউআইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে, সংবাদমাধ্যম উল্টো সংবাদ পরিবেশন করেছে। চলমান ভারত সফর বাতিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চতুর্থ ওয়ানডে (এখন চলছে) শেষে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’হঠাৎই ভারত সফর শেষ ওয়েস্ট ইন্ডিজের!
এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তে শ্রীলঙ্কাকে আনার তৎপরতা চালিয়েছে এবং শ্রীলঙ্কা তাতে তাৎক্ষণিকভাবে সাড়াও দিয়েছে। নভেম্বরে ভারতের বিপক্ষে লঙ্কানরা পাঁচ ওয়ানডের সিরিজ খেলবে বলে জানা গেছে। এসএলসির সেক্রেটারি নিশান্থা রানাতুঙ্গা বলেছেন, ‘প্রথমে ভারত আমাদের সঙ্গে একটি টি-টোয়েন্টি খেলতে চেয়েছিল। কিন্তু বিশ্বকাপের কয়েক মাস আগে দুই দলের উপকারের কথা ভেবে আমরা পাঁচটি একদিনের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে বিসিসিআই সেক্রেটারি বলেছিলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে ঝামেলা সৃষ্টি হওয়ায় চলমান সফর বাতিল করার বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের শেষ ওয়ানডে হওয়ার কথা ছিল কলকাতায়। ম্যাচ বাতিল হওয়ায় সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘এটি দুর্ভাগ্যজনক। উইন্ডিজের উচিত ছিল খেলা চালিয়ে যাওয়া। শুধু মাত্র অর্থসংক্রান্ত ঝামেলার কারণে তারা সফর বাতিল করে এখনই ফিরে যেতে পারে না।’ সূত্র: রয়টার্স, পিটিআই, ক্রিকইনফো।