ওরা বিভোর সাকিব, মাশরাফিতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরা স্বপ্ন দেখে সাকিব, মাশরাফির মতো হতে। ছবি: প্রথম আলো
ওরা স্বপ্ন দেখে সাকিব, মাশরাফির মতো হতে। ছবি: প্রথম আলো
শেখ জামাল ধানমন্ডি মাঠে দুপুর গড়াতেই যেন মেলা বসে। মেলা বসে ভবিষ্যৎ সাকিব, মাশরাফিদের। ঢাকা শহরে মাঠহীন জীবনে অভ্যস্ত হয়ে ওঠা শিশু-কিশোরেরা এখানেই বিকেল কাটায়। এরই মধ্যে ওদের মধ্যে ঢুকে গেছে আকাশ ছোঁয়ার স্বপ্ন।


যেন একেকটা দেবশিশু! স্বর্গ থেকে ভুল করে ধরাধামে নেমে এসেছে। হুটোপুটি করছে। হুল্লোড় করছে। যান্ত্রিক শহরে খেলার মাঠ নেই বলে যেখানে ঘরে বসে মুঠোফোনের নেশায় সময় কাটে ছেলেমেয়েদের, সেখানে উজ্জ্বল ব্যতিক্রম শেখ জামাল ক্লাব মাঠের কিশোরেরা। ধানমন্ডির সবুজ মাঠে শ খানেক ছেলে বিকেলে মেতে ওঠে ক্রিকেট খেলায়।

ক্লাবের পূর্ব ও পশ্চিম পাশের খোলা মাঠে চলে শেখ জামাল ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের প্রশিক্ষণ। সেখানেই কাল বিকেলে পাওয়া গেল সৌমিক দাস, মিশকাত মাহিম, জানে আলমদের। একপাশে কেউ ব্যাটিং অনুশীলনে মগ্ন, কেউবা ব্যস্ত ক্যাচ ধরার কৌশল রপ্তে। মাঠের ভেতরের পানির ড্রেনের মধ্যে বল পড়ে কখনো হারিয়ে যাচ্ছে। ওই বল খোঁজা নিয়ে চলছে হুড়োহুড়ি। কে কার আগে বল খুঁজে আনতে পারে, প্রতিযোগিতাটা তারই।

শেখ জামাল ক্লাবের মাঠের মাঝখানে বিশাল টেনিসের কোর্ট। এর দুই পাশে চলে ক্রিকেট একাডেমির কার্যক্রম। দুপুর গড়াতেই ক্লাবে ভিড় জমতে থাকে খুদে ক্রিকেটারদের। বাবা-মায়ের হাত ধরে মাঠে চলে আসে ভবিষ্যতের সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজারা।

ছেলেদের খেলতে দিয়ে নিশ্চিন্ত মনে মাঠের পাশে বসার ছাউনিতে বিশ্রাম নেন অভিভাবকদের অনেকে। খোশগল্পে মেতে ওঠেন সবাই। পান্থপথের গৃহিণী শুক্লা বণিক ছেলে অরিত্রকে নিয়ে চলে এসেছেন বিকেলে। রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র অরিত্রকে বলতে গেলে জোর করেই ক্রিকেট একাডেমিতে ভর্তি করেছেন শুক্লা। মুঠোফোনের গেমস আর ফেসবুকের নেশা থেকে দূরে রাখতেই নাকি এমন উদ্যোগ, ‘আমার ছেলে স্কুল থেকে ফিরলেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ত। ঘরের বাইরে খেলতে চাইত না। তাই এখানে ভর্তি করে দিয়েছি।’

হোসনি দালান এলাকা থেকে এসেছেন নাজমুন নাহার। ছেলে নাফিজ উল্লাহ একই স্কুলে অরিত্রর সহপাঠী। এলাকায় মাঠ নেই বলে ছেলে খেলাধুলার সুযোগ পায় না। তাই এখানে আসা নাজমুন নাহারের, ‘ঢাকা শহরে দিনকে দিন যেভাবে খেলার মাঠ কমে যাচ্ছে, তাতে এই প্রজন্মের ছেলেমেয়েরা মাঠে খেলার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। আমি ছেলেকে সেই আনন্দ ফিরিয়ে দিতে ভর্তি করে দিয়েছি এখানে। আর যদি ছেলে ভালো ক্রিকেটার হতে পারে সেটা হবে বাড়তি পাওনা।’

এভাবেই চলে স্বপ্ন ছোঁয়ার অনুশীলন। ছবি: প্রথম আলো
এভাবেই চলে স্বপ্ন ছোঁয়ার অনুশীলন। ছবি: প্রথম আলো

মায়েরা যখন ছেলেদের খেলার মাঠে এনে শান্তি খুঁজছেন, অরিত্ররা সেখানে পুরোপুরি উল্টো। ওদের চোখে একটাই স্বপ্ন—‘এখানে এসেই যখন পড়েছি, আমরা হব সাকিব-মাশরাফিদের মতো।’

গ্রিন রোডের কিশোর আহনাফ মাহাদি চাইত চার্টার্ড অ্যাকাউনট্যান্ট হতে। কিন্তু শেখ জামাল ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার পর স্বপ্ন দেখে মুশফিকুর রহিমের মতো ব্যাটসম্যান হওয়ার, ‘আমি আগে ভাবতাম চার্টার্ড অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করব। কিন্তু এখন মুশফিকুর রহিমের মতো হতে চাই।’

ওয়ারীর কিশোর সৌমিক দাস হতে চায় সাকিবের মতো অলরাউন্ডার, ‘যদিও আমার প্রিয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু আমি সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হতে চাই।’ একাডেমিতে প্রতি মাসেই টুর্নামেন্টের আয়োজন করে থাকেন কোচরা। সেখানে সর্বশেষ টুর্নামেন্টে সর্বোচ্চ ৫১ রান করেছে সৌমিক।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের মোল্লারটেক এলাকায় থাকে জানে আলম। বাবা আর মা দুজনই গার্মেন্টসে চাকরি করেন। প্রতিদিন যানজট পেরিয়ে জানে আলম একা একাই চলে আসে ধানমন্ডিতে। সময় লাগে দুই ঘণ্টারও বেশি। কিন্তু এমন কষ্ট পেছনে ফেলে মাশরাফির মতো ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর জানে আলম। একাডেমিতে হওয়া সর্বশেষ টুর্নামেন্টে এক ম্যাচে ৫ উইকেট পেয়েছে এই পেসার। কাল উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলছিল, ‘আমি মাশরাফি ভাইয়ের মতো খেলতে চাই।’

একাডেমিতে ভর্তি ফি ১ হাজার ৫০০ টাকা। ক্রিকেটের সরঞ্জাম ও জার্সি, ট্রাউজার, ট্র্যাকসুট, কেডস, হেলমেট নিজেদেরই কিনতে হয়। সপ্তাহে চার দিন—শুক্র, শনি, মঙ্গল ও বৃহস্পতিবারে চলে অনুশীলন। প্রতি মাসে ঢাকার বিভিন্ন এলাকায় টুর্নামেন্টে খেলছে এই কিশোরেরা। কদিন আগেই সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, আল আমিনেরা এসে টিপস দিয়ে গেছেন এই ছেলেদের। এতেই যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে ওরা।

মায়েদের চাওয়া ছেলেরা একটু খোলা হাওয়ায় খেলুক। ছেলেদের চাওয়া আকাশছোঁয়া। যে আকাশ ছুঁয়ে রীতিমতো বিশ্বকে জয় করতে চায় ভবিষ্যতের সাকিব, মাশরাফিরা।