ওল্ড ট্রাফোর্ডে দুই স্পিনারের ইংল্যান্ড?
জেমস অ্যান্ডারসনের ফেরাটা প্রত্যাশিতই ছিল। প্রত্যাশিত ছিল অলরাউন্ডার বেন স্টোকসের ফেরাও। চোট থেকে সেরে ওঠা দুজনকেই দ্বিতীয় টেস্টের দলে ডেকেছে ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ড টেস্টের ইংল্যান্ড দলে ডাকা হয়েছে লেগ স্পিনার আদিল রশিদকেও। লর্ডসে পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহর বোলিং দেখেই কি এই সিদ্ধান্ত?
পরশু দল ঘোষণার আগেই একজন লেগ স্পিনারকে দলে নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস। তাঁর যুক্তি যেহেতু পাকিস্তানের টপ অর্ডারে মাত্র একজন বাঁহাতি, তাই লেগ স্পিনারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হতেই পারে।
ইংল্যান্ডের নির্বাচকেরা প্রয়োজনটা বুঝেছেন। দলে নিয়েছেন তিন টেস্টের অভিজ্ঞ রশিদকে। দলে আগে থেকেই আছেন স্পিনিং অলরাউন্ডার মঈন আলী। তাহলে কি পরশু থেকে শুরু ওল্ড ট্রাফোর্ড টেস্টে দুই স্পিনার নিয়েই খেলবে ইংল্যান্ড? সম্ভাবনাটা উড়িয়ে দেননি বেলিস, ‘মৌসুমের কোনো একটা সময় দুই স্পিনার নামিয়ে দেওয়ার কথা সব সময় ভেবেছি আমি। পাকিস্তানের তিনজন বাঁহাতি পেসার। ওরা অফ স্টাম্পের বাইরে যে ক্ষতস্থান তৈরি করে, সেটা মঈনের কাজে আসে। তাই আমরা যদি দুজন স্পিনার নিয়ে খেলতে নামি, আশা করি ওরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
লর্ডসে অবশ্য ভালো করতে পারেননি মঈন। প্রথম ইনিংসে ৭ ওভারে ৪৬ রান দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে মিসবাহ ও ইউনিসের উইকেট দুটি নিলেও ১৩ ওভারে দিয়েছিলেন ৪৯ রান। আর লেগ স্পিনার রশিদ ক্যারিয়ারের তিনটি টেস্টই খেলেছেন গত বছর পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে। ওই ৩ টেস্টে ৬৯.৫০ গড়ে ৮ উইকেট পেয়েছিলেন রশিদ। মঈন-রশিদ দুজনকেই না খেলিয়ে ইংল্যান্ড শুধু একজনকেও রাখতে পারে একাদশে। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন মঈন।
ইংল্যান্ডকে অবশ্য নিজেদের স্পিনারদের চেয়ে বেশি ভাবতে হচ্ছে ইয়াসির শাহর লেগ স্পিন নিয়ে। লর্ডসে উইকেট থেকে তেমন একটা সাহায্য না পেয়েও ১০ উইকেট নিয়েছেন ইয়াসির। ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ ব্যাটসম্যানরা যাতে ভালোভাবে স্পিন সামলাতে পারেন, তা নিয়েই চিন্তা বেলিসের। এএফপি।