ওল্ড ট্রাফোর্ড শেরেবাংলা ও তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ডের ভূতটাই যেন ফিরে এল শেরেবাংলা স্টেডিয়ামে। ২০১০ সালে বাংলাদেশের সর্বশেষ ইংল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের পুনরাবৃত্তিই হলো কাল মিরপুরে। ওল্ড ট্রাফোর্ডে তামিম-ইমরুল ওপেনিং জুটিতে তুলেছিলেন ১২৬ রান। মাত্র ১ উইকেট হারিয়েই স্কোর ছাড়িয়ে যায় ১৫০। রানটা ১৫৩ হতেই লাগে মড়ক, ১ উইকেটে ১৫৩ থেকে দেখতে না-দেখতেই ২১৬ রানে অলআউট বাংলাদেশ। ওই ইনিংসে তামিম করেছিলেন ১০৮ রান। কাল তাঁর ব্যাটে ৪টি রান কম এলেও বাংলাদেশের ইনিংসে ওল্ড ট্রাফোর্ডের চেয়ে ৪ রান বেশি জমা হলো। কিন্তু এবার যে ১ উইকেটেই ১৭১ রান উঠে গিয়েছিল স্কোরবোর্ডে!
বাংলাদেশ কাল ৪৯ রানে হারিয়েছে শেষ ৯ উইকেট। ওল্ড ট্রাফোর্ডে শেষ ৯ উইকেট পড়েছিল ৬৩ রানে। বাংলাদেশ সবচেয়ে কম ৩২ রানে শেষ ৯ উইকেট হারিয়েছে ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। হারারেতে প্রথম ইনিংসে ১ উইকেটে ১০২ থেকে চোখের পলকেই ১৩৪ রানে অলআউট মুশফিকের দল।