ওসব কথা গেইল বলেন স্রেফ 'মজা করেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্রেফ মজা করেই কথাগুলো বলেন গেইল। ছবি: সংগৃহীত।
স্রেফ মজা করেই কথাগুলো বলেন গেইল। ছবি: সংগৃহীত।

ক্রিস গেইল ভেবে পান না তাঁর কথায় সবাই এত সিরিয়াস হয়ে ওঠে কেন? বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সময় মেল ম্যাকলাফলিনকে অভিসারের প্রস্তাব নিয়ে কত কথা, কত সমালোচনা! ইয়ান চ্যাপেল, অ্যান্ড্রু ফ্লিনটফরা তাঁর বিরুদ্ধে বিবৃতি দিয়ে ফেললেন! ক্রিকেট দুনিয়ায় তাঁকে নিষিদ্ধের কথা বললেন! গেইলের মনে প্রশ্ন, আরে ভাই, তোমরা কী মজাও বোঝো না!
সোমবার ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসে তাঁর প্রকাশিতব্য আত্মজীবনীর কিছু অংশ প্রকাশিত হয়েছে। নিজের বিতর্কিত মন্তব্যগুলোর ব্যাপারে আত্মজীবনীর পাতাতে উঠে এসেছে তাঁর বিভিন্ন ভাবনা। এসব মন্তব্য তিনি নিতান্তই মজা করে বলেন—এমন কথা বলে তাঁর দাবি, এসব মন্তব্যে নারীর প্রতি অবমাননার কোনো কিছু খুঁজতে যাওয়া ঠিক না, ‘আমার মন্তব্যের একটিতেও নারীকে অবমাননা করে কিছু বলিনি। আমার এই মন্তব্যগুলো গুরুত্বের সঙ্গে নেওয়ারও কিছু নেই।’
ইয়ান চ্যাপেল কেন তাঁর ব্যাপারে এমন খেপলেন, সেটা বুঝতে পারছেন না গেইল। ক্রিকেট দুনিয়ায় তাঁকে নিষিদ্ধ করার ব্যাপারে তাঁর মন্তব্যের জবাবটা অবশ্য দিয়েছেন তিনি, ‘ক্রিকেটের নক্ষত্রকে কীভাবে বাদ দেবেন আপনি, বস? এটা করলে যে ক্রিকেটই নিষিদ্ধ করতে হয়।’ তিনি প্রশ্ন রেখেছেন, ‘এই ইয়ান চ্যাপেলই তো একবার একজন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন, তাই না?’
গেইল অবশ্য নতুন করে আবার বিতর্কের মধ্যে পড়েছেন। টাইম সাময়িকীর নারী সাংবাদিক শার্লট এডওয়ার্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন করে এমন কিছু মন্তব্য করেছেন, যা তোলপাড় ফেলেছে চারদিকে। যৌন ইঙ্গিতে ভরপুর এই সাক্ষাৎকারটি পড়ে দারুণ হতাশ ইংলিশ কাউন্টি দল সামারসেটের প্রধান নির্বাহী গাই ল্যাভেন্ডার। আইপিএলের পরপরই গেইলের ইংল্যান্ডে সমারসেটের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতায় খেলার কথা। ল্যাভেন্ডার বলেছেন, ‘এই সাক্ষাৎকারের ব্যাপারে এখনো গেইলের সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি। তবে গত মৌসুমে গেইল সম্পর্কে আমাদের অভিজ্ঞতা ছিল খুবই ইতিবাচক। মাঠে ও মাঠের বাইরে দুই জায়গাতেই তাঁর সম্পর্কে আমার অভিজ্ঞতা ভালো ছিল।’ সূত্র : এএফপি।