ওহ্' কিফ!
শেন ওয়ার্নের শুধু মাথা চুলকানোটাই বাকি ছিল। টেস্টের দ্বিতীয় দিনের সকালের সেশনে বলা কথাগুলো যে গিলে নিতে হচ্ছিল তাঁকে। অন্য বোলাররা যে চাপ সৃষ্টি করছিলেন তা উঠে যাচ্ছিল স্টিভ ও’কিফের অনিয়ন্ত্রিত বোলিংয়ে। প্রথম ৯ ওভারে দিয়েছিলেন ৩০ রান। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার প্রায় খেপেই উঠেছিলেন। হঠাৎ কী বুঝে বোলিং প্রান্তটা বদলে নিলেন, আর তাতেই অন্য ও’কিফ। ৪.১ ওভারের ওই স্পেলে ৫ রানে ৬ উইকেট!
ওয়ার্ন তো বুঝতেই পারছেন না কীভাবে হঠাৎ এমন রূপ বদল হলো ও’কিফের। প্রান্ত বদলাতেই বাঁহাতি স্পিনারের এমন নৈপুণ্যের কোনো ব্যাখ্যা নেই ওয়ার্নের কাছে, ‘মনে হচ্ছে যেন সুপারম্যান। যেন কাঁধে উড়নি ঝোলাল আর সবকিছুই বদলে গেল!’ ওই প্রান্ত থেকে আর সরানো যায়নি ও’কিফকে। দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসের সঙ্গে কী অদ্ভুত মিল, এবারও ঠিক ৩৫ রান দিয়েছেন।
ওয়ার্নের কাছে ব্যাখ্যাতীত হতে পারে, কিন্তু যিনি বোলিং করেছেন তিনি তো বলতেই পারেন আসলে কী হয়েছে। কিন্তু ও’কিফ যে এখনো ঘোরের মধ্যে আছেন, ‘প্রথম ইনিংসের ঘটনাগুলো এখনো ঝাপসা! বল স্পিনের চেয়ে স্কিড করেছে বেশি, তাতেই বোল্ড আর এলবিডব্লু হওয়ার সম্ভাবনা বেড়েছে। প্রথম ৬ উইকেট যেভাবে পেয়েছি সেটা আহামরি ছিল না, তাই দ্বিতীয় ইনিংসে একটু ধরনটা বদলাতে হয়েছিল!’
সাদামাটা উপায়েই হোক কিংবা কষ্টার্জিত, ম্যাচে ১২ উইকেট পেয়ে ইতিহাসে নাম উঠে গেছে তাঁর। ভারতের মাটিতে কত কত কিংবদন্তি স্পিনার খেলে গেছেন। কিন্তু ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে কোনো স্পিনারের সেরা বোলিং এখন ও’কিফের। অথচ ছয় মাস আগেই কত ভয়ংকর একটা সময় পার করেছেন। শ্রীলঙ্কা সফর থেকে এক টেস্ট খেলেই চোট নিয়ে ফিরেছেন দেশে। ৩২ বছর বয়সে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। মাতাল হয়ে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় আটক হয়েছিলেন, ১০ হাজার ডলার জরিমানা দিতে হয়েছিল। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেদিন নাকি আর্তকণ্ঠে ও’কিফ নিজের পরিচয় দিয়েছিলেন, ‘শুধু রাজ্যদলের খেলোয়াড় নই, আমি অস্ট্রেলিয়া দলেও খেলি!’ পরে ক্রিকেট বোর্ড ভর্ৎসনাও করেছিল তাঁকে।
কালকের পর আর ও’কিফের কণ্ঠে হয়তো এভাবে আর আকুতি ঝরবে না কোনো দিন, ইতিহাসে নাম লেখা কাউকে ওসব করা মানায় না!