ওয়াকার ওয়ার্নার
নিস্তরঙ্গ একটা দিনের শেষ প্রান্তে বেশ ‘উত্তেজনা’ ছড়াল। এ যেন টায়ে টায়ে ছুটে চলা কোনো ম্যাচের শেষ প্রান্তের সমীকরণ। ৩০ বলে দরকার ২০, ২৪ বলে ১৪, ১৮ বলেও ১৪...। পারবেন কি ডেভিড ওয়ার্নার? না, পারলেন না। ভালোই এগোচ্ছিলেন। কিন্তু মাত্র ছয়টি রানের জন্য হলো না! কী? ২৫০!
সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের মতো পার্থেও নিউজিল্যান্ডের বোলারদের ওপর নির্যাতন চলল। এবার তো ১ উইকেটে ৪০০-এর বেশি রান জমা পড়ে গেল স্কোরবোর্ডে! ম্যাচে উত্তেজনা বলতে একটাই মুহূর্ত ছিল ওয়ার্নারের ‘২৫০’ হবে কি না, তা নিয়ে। টেস্ট ইতিহাসেই যে ম্যাচের প্রথম দিনে ২৫০ করে ফেলার কীর্তি মাত্র একজনের—ডোনাল্ড ব্র্যাডম্যান!
টেস্ট ম্যাচের প্রথম দিনেই ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর একমাত্র কৃতিত্বটা স্যার ডনের। ১৯৩০ সালের হেডিংলি টেস্টের প্রথম দিন শেষে ব্র্যাডম্যানের নামের পাশে জ্বলজ্বল করছিল অপরাজিত ৩০৯। ম্যাচের প্রথম দিনে ২৫০ রানের ইনিংসও খেলতে পারেনি আর কেউ। এমনকি ব্র্যাডম্যানও নন। আরও একবার ব্র্যাডম্যান কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু ওয়ার্নারের মতো তাঁকেও ছয়টি রানের আক্ষেপ নিয়ে দিন শেষ করতে হয়। ১৯৩৪ সালের ওভাল টেস্টে ২৪৪ করে আউট হয়ে গিয়েছিলেন।
কাল ঠিক ২৪৪ করে অপরাজিত থাকলেন ওয়ার্নারও। মনে করিয়ে দিলেন ব্র্যাডম্যানকে। ৮১ বছর পর এই প্রথম টেস্টের প্রথম দিনে কেউ এত রান করলেন। ম্যাচের প্রথম দিন বাদ দিলেও পাঁচ দিনের যেকোনো এক দিনে রান তোলার হিসেবেও এটি সপ্তম সর্বোচ্চ। ওয়ার্নার আরও একটা কীর্তি ছুঁয়েছেন। ১৯৬৮ সালে বিল লরির পর এই প্রথম একই সিরিজে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান দুটি ১৫০ রানের ইনিংস খেললেন! অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচের যেকোনো এক দিনে এটিই এখন সবচেয়ে বেশি রানের তোলার রেকর্ডও। ২০১২ সালে অ্যাডিলেডে ২২৪ করেছিলেন মাইকেল ক্লার্ক, সেটিও ম্যাচের প্রথম দিনে।
এক দিনে সবচেয়ে বেশি রান তোলার সর্বোচ্চ সাতটি ইনিংসের দিকে তাকালে দেখবেন, তিনটিতেই জ্বলজ্বল করছে ব্র্যাডম্যানের নাম। এখান থেকেই বোঝা যায় সর্বকালের সেরা ব্যাটসম্যানটির মাহাত্ম্য। আরও একটি ব্যাপার বলে রাখা জরুরি। ওয়ার্নার ছাড়া এই তালিকায় আধুনিক ক্রিকেটে একজনই আছেন—বীরেন্দর শেবাগ।
টেস্টে এক দিনে সর্বোচ্চ রান
| ম্যাচ | ভেন্যু | সাল | |
| ৩০৯ ডন ব্র্যাডম্যান | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | হেডিংলি | ১৯৩০ |
| ২৯৫ ওয়ালি হ্যামন্ড | ইংল্যান্ড-নিউজিল্যান্ড | অকল্যান্ড | ১৯৩৩ |
| ২৮৪ বীরেন্দর শেবাগ | ভারত-শ্রীলঙ্কা | মুম্বাই | ২০০৯ |
| ২৭৩ ডেনিস কম্পটন | ইংল্যান্ড-পাকিস্তান | ট্রেন্ট ব্রিজ | ১৯৫৪ |
| ২৭১ ডন ব্র্যাডম্যান | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | হেডিংলি | ১৯৩৪ |
| ২৫৭ বীরেন্দর শেবাগ | ভারত-দক্ষিণ আফ্রিকা | চেন্নাই | ২০০৮ |
| ২৪৪ ডন ব্র্যাডম্যান | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | ওভাল | ১৯৩৪ |
| ২৪৪* ডেভিড ওয়ার্নার | অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড | পার্থ | ২০১৫ |
অস্ট্রেলিয়ায় এক দিনে সর্বোচ্চ
| ম্যাচ | ভেন্যু | সাল | |
| ২৪৪* ডেভিড ওয়ার্নার | অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড | পার্থ | ২০১৫ |
| ২২৪ মাইকেল ক্লার্ক | অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা | অ্যাডিলেড | ২০১২ |
| ২২৩ ডন ব্র্যাডম্যান | অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ | ব্রিসবেন | ১৯৩১ |
| ২১৪ টিপ ফস্টার | ইংল্যান্ড-অস্ট্রেলিয়া | সিডনি | ১৯০৩ |
| ২০৮ ভিক্টর ট্রাম্পার | অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা | অ্যাডিলেড | ১৯১১ |