ওয়াকার 'মৃত্যু' ও লিলির পদত্যাগ
জুটিটা জমেছিল বেশ। বলা হচ্ছে, সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার ডেনিস লিলি ও ক্রিকেট-দুনিয়ার অন্যতম ফাস্ট বোলিং-স্বর্গ পার্থের ওয়াকা গ্রাউন্ডের কথা। পার্থের ঘরের ছেলে লিলি যখন বল করতেন, উন্মাতাল হয়ে যেত ওয়াকা। এই মাঠে আরও কত স্মৃতি! জাভেদ মিয়াঁদাদকে লাথি মারায় মিয়াঁদাদের ব্যাট হাতে তেড়ে আসা। এই মাঠেই ইস্পাতের ব্যাট নিয়ে ব্যাটিং করতে নেমে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং কিংবদন্তি। স্মৃতিময় সেই ওয়াকায় আর বড় টেস্ট ম্যাচ হবে না, হবে না ওয়ানডেও—এই সিদ্ধান্তে লিলির মন খারাপ হওয়াই স্বাভাবিক। মন খারাপ না বলে রাগ বলাই ভালো। যে রাগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগই করে বসেছেন লিলি।
২০০৪ সাল থেকে রাজ্য ক্রিকেট সংস্থার প্রধানের দায়িত্ব করা লিলি পদত্যাগের কারণ হিসেবে বলেছেন, ‘যা হচ্ছে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা আমার পক্ষে সম্ভব নয়। আমি এর সঙ্গে আর জড়িয়ে থাকতে চাচ্ছি না।’
কী হচ্ছে, সেটাই কাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থাটি। ওয়াকায় দর্শক ধারণক্ষমতা মাত্র ২০ হাজার। বড় ম্যাচে দর্শক সংকুলান হয় না গ্যালারিতে। দর্শকদের কথা চিন্তা করেই ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন এক স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। যার কাজ শেষ হবে ২০১৮ সালে। ওই মাঠেই হবে পার্থের সব ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ‘বড়’ টেস্ট ম্যাচগুলোও হবে ওখানে। ওয়াকায় শুধু শেফিল্ড শিল্ডের খেলা হবে, অন্য কিছু খেলাও। এএফপি।