ওয়াকারও মানছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গ্যালারিতে ‘ম্যারি মি আফ্রিদি’ লেখা প্ল্যাকার্ড দেখা গিয়েছিল একবার এক তরুণীর হাতে। বাংলাদেশের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় সেই শহীদ আফ্রিদি নেই। নেই ঢাকার ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়া মিসবাহ-উল-হকও। সব মিলিয়ে এবার বাংলাদেশে আসা পাকিস্তান দলটা তারকা দ্যুতিহীন। অভিজ্ঞতার অভাব তো আছেই।
তবে পাকিস্তানের কোচ-অধিনায়ক কেউই অনভিজ্ঞতাকে বড় সমস্যা মনে করছেন না। তাঁদের কাছে অনভিজ্ঞ দল নিয়ে খেলতে আসা একটি মাত্র শব্দেই সীমাবদ্ধ—রোমাঞ্চকর! প্রায় আড়াই বছর পর ওয়ানডেতে ফিরেই অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাওয়া আজহার আলীর ভাষায়, ‘চ্যালেঞ্জটাকে খুবই রোমাঞ্চকর মনে হচ্ছে আমার কাছে। আমাদের তরুণ দলটা প্রাণশক্তিতে ভরপুর। এই দলকে নেতৃত্ব দিতে উন্মুখ হয়ে আছি আমি।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফে চোখ রেখেও পাকিস্তান অধিনায়ক আস্থা রাখছেন তাঁর তরুণ দলের ওপর, ‘বিশ্বকাপে আমাদের বোলিং আক্রমণ ছিল অন্যতম সেরা। অভিজ্ঞতার অভাব হয়তো একটু আছে, তবে আমরা সে চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায়ই আছি।’
অভিজ্ঞদের অনেকেই চলে গেছেন, নতুনদের নিয়ে হচ্ছে নতুন শুরু। এটাকে পাকিস্তান দলের রূপান্তরপ্রক্রিয়া হিসেবেই নিচ্ছেন কোচ ওয়াকার ইউনিস। তবে এই সময়ে দলের দায়িত্বে থাকাটাকে কঠিন কাজও মনে করছেন না তিনি, ‘এটাকে কঠিন মনে করি না। দলে এত তরুণ ক্রিকেটারদের আসতে দেখাটা সব সময়ই রোমাঞ্চকর। বিশ্বকাপ সব সময়ই এ রকম পরিবর্তন আনে। পাকিস্তানের ক্রিকেট সৌভাগ্যবান যে আমাদের দেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে।’
এই প্রতিভাবানদের প্রতিভার ঝলক বাংলাদেশের বিপক্ষে সিরিজেই দেখার আশা ওয়াকারের। তবে পাকিস্তান কোচ মানছেন, ‘কোনো সন্দেহ নেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। দলটা এখন অনেক অভিজ্ঞও।’ বাংলাদেশ দলকে এই সিরিজের ফেবারিট বলে সাকিব আল হাসানের দাবিটাও মেনে নিলেন তিনি, ‘হ্যাঁ, তারাই ফেবারিট। আমাদের দলটা তরুণ, হয়তো সেটা ভেবেই ওই কথা বলেছে সে। তাতে আমরা কিছু মনে করছি না কারণ, আমরা একটা রূপান্তরকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি।’ তবে সব মেনে নিয়েও শেষটায় কি প্রচ্ছন্ন একটা হুমকিও দিয়ে রাখলেন না সাবেক এই ফাস্ট বোলার, ‘...তবে আমাদের কোনো জায়গাতেই ঘাটতি নেই। আমাদের দলটা সুশৃঙ্খল, দলে ম্যাচ উইনারও অনেক।’
৮৬৭
বাংলাদেশ দলের খেলোয়াড়দের মোট ম্যাচ
৫৪২
পাকিস্তান দলের খেলোয়াড়দের মোট ম্যাচ