ওয়াকারের কাছে ক্ষমাপ্রার্থনা
আরেকটি বৈশ্বিক প্রতিযোগিতা, আবারও ব্যর্থ পাকিস্তান। এ তো নৈমিত্তিক ঘটনা। সেই সঙ্গে যুক্ত হলো আরেকটি নৈমিত্তিক বিষয়, ব্যর্থতার দায় নিয়ে দলের কোচ-অধিনায়কের বিদায়। হয়েছেও তাই, টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়াতে হয়েছে ওয়াকার ইউনিস ও শহীদ আফ্রিদিকে। তবে ওয়াকারের সান্ত্বনা, বিদায়বেলায় বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন তাঁর কাছে।
বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বোর্ডের কাছে গোপন এক প্রতিবেদন জমা দিয়েছিলেন ওয়াকার। কিন্তু সেই প্রতিবেদন সংবাদমাধ্যমের কাছে ফাঁস হয়ে যায়। সেই প্রতিবেদনেই জানা গেছে, ব্যর্থতার কারণ হিসেবে আফ্রিদির অধিনায়কত্ব, নির্বাচকদের ভুল নির্বাচনকে দায়ী করেছেন ওয়াকার। পিসিবিপ্রধান শাহরিয়ার এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, ‘ওয়াকার হয়তো আশানুরূপ সাফল্য এনে দেননি, কিন্তু তিনি আমাদের ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। তাঁর প্রতিবেদন ফাঁস হয়ে যাওয়ার ঘটনাটি দুঃখজনক, আমি এ জন্য তাঁর কাছে ক্ষমা চেয়েছি। প্রতিবেদনটি কীভাবে ফাঁস হলো, এ বিষয়ে তদন্তের প্রতিজ্ঞাও করেছি।’
আগামী মে মাসে চুক্তি শেষ হওয়ার কথা ছিল ওয়াকারের। কিন্তু আগেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। সে ক্ষেত্রে ওয়াকারকে ৪৮ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দিতে হতো। ওয়াকার বোর্ডকে ওই অর্থ পাকিস্তান ক্রিকেটের উন্নয়নে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন, ‘আমি বলেছি আমার পাওনা (সব মিলিয়ে ৬০ লাখ রুপি) ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে কাজে লাগান। আমরা যা করি সব তো পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়।’
সূত্র: ইন্ডিয়া টুডে