ওয়াকারের ছুটির ঘণ্টা বেজেছে
তাঁর মানসিক অবস্থা শিরোনামেই পরিষ্কার। সাধারণত পরিবারকে ঘিরেই আবর্তিত হয় মানুষের জীবন-জীবিকা। সেই পরিবারের সঙ্গে দীর্ঘ সময় দেখা করতে না পারলে কারই–বা কাজে মন টেকে!
ওয়াকার ইউনিসের মনও তাই আর কাজে নেই। নিউজিল্যান্ডে শরীরটা থাকলেও মন পড়ে আছে পাকিস্তানে নিজের ঘরে। করোনা মহামারি ও কোয়ারেন্টিন জটিলতায় এক দিন-দুদিন নয়, দীর্ঘ ছয় মাস পরিবার-পরিজন ছেড়ে জাতীয় দলের সঙ্গে থাকতে হচ্ছে পাকিস্তানের এই বোলিং কোচকে।
ঘরের টানে মন ছুটে যাওয়ায় ওয়াকার তাই ছুটি চেয়েছিলেন পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কাছে।
সেই জুন থেকে পরিবার-পরিজন ছেড়ে জাতীয় দলের সঙ্গে থাকা ওয়াকারের আবেদন মঞ্জুর হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কাল জানিয়েছে, মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট শেষেই লাহোরে নিজের পরিবারের কাছে ফিরবেন কিংবদন্তি এই পেসার।
জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ২৬ জানুয়ারি।
ক্রাইস্টচার্চে ২ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি টেস্ট খেলবে পাকিস্তান।
তার আগেই ওয়াকারকে ছুটি দেওয়া নিয়ে পাকিস্তান দলের মনসুর রানা বলেন, ‘জুন থেকে ওয়াকারের সঙ্গে তাঁর পরিবারের দেখা না হওয়ার বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা তাঁকে ছুটি দিয়েছি যেন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে।’
৪৯ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ও কোচকে ছুটি দেওয়ার বিষয়টি এভাবে ব্যাখ্যা করলেন মনসুর, ‘দ্বিতীয় টেস্ট শেষে লাহোরে ফিরলে মাত্র এক সপ্তাহ সময় কাটাতে পারবে। কিন্তু পরিবারই সবার কাছে আগে। অতীতেও আমরা এটাকে প্রাধান্য দিয়ে ব্যতিক্রমী নজির স্থাপন করেছি, যেন কাজ ও জীবনের মাঝে সঠিক ভারসাম্য বজায় থাকে।’
প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক বাবর আজম ও ইমাম-উল-হককে পাচ্ছে না পাকিস্তান। বাবরের বদলে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান।