ওয়াকারের পদত্যাগ চান জহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহির আব্বাস
জহির আব্বাস

বাংলাদেশের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যাচ্ছেতাই হারের পর পাকিস্তানে কোচ ওয়াকার ইউনিসের মুণ্ডুপাত চলছেই। সাবেক ক্রিকেটারদের সমালোচনার এই মিছিলে এবার যোগ দিলেন জহির আব্বাসও। ব্যর্থতার দায়ভার নিয়ে ওয়াকার ইউনিসকে সরে দাঁড়াতে বলেছেন সাবেক এই ব্যাটসম্যান।
জহির আব্বাস গত বছর নিজেও পাকিস্তানের জাতীয় দলের ব্যাটিং পরামর্শক ছিলেন। তবে বাংলাদেশে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় সরে দাঁড়ান। দলের সাম্প্রতিক এই বিপর্যয়ের জন্য জহির আব্বাস ওয়াকারেরই দায় দেখছেন, ‘কোনো সন্দেহ নেই, ক্রিকেটার হিসেবে অসাধারণ ছিল।

ওয়াকার ইউনিস
ওয়াকার ইউনিস

কিন্তু কোচ হিসেবে ও কোনোই কাজের নয়। তাকে সরিয়ে দেওয়া উচিত। জাতীয় দলের এমন মেরুদণ্ডহীন পারফরম্যান্স আমি কখনো দেখিনি। হারাটা জীবনের অংশই। কিন্তু বাংলাদেশের সঙ্গে যেভাবে তারা খেলেছে তাতে দলটাকে পাকিস্তান বলে মেনে নিতে কষ্ট হচ্ছে।’
লজ্জাটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, ‘যেভাবে তারা হারল সেটার কোনো অজুহাতই হয় না। পাকিস্তান ক্রিকেটের জন্য এটা খুবই বেদনাদায়ক। আমি কখনোই ভাবিনি খেলোয়াড়েরা এত বাজে খেলবে।’ আরও কয়েকজন সাবেকের মতো জহির আব্বাস নিজে থেকেই দলকে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন বোর্ডের কাছে। আইবিএন।