ওয়াকারের ভাবনায় ১০ ওভারের টেস্ট

একে তো টি-টোয়েন্টির যুগ। তার ওপর শুরু হয়েছে ১০ ওভারের ক্রিকেট। ৫০ ওভারে ওয়ানডেই যেখানে এখন অনেকের কাছে ‘অপ্রাসঙ্গিক’ সেখানে পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের প্রয়োজনীয়তাই তাদের কাছে ফিকে হয়ে যাওয়ার পথে।
কোনো সন্দেহ নেই ক্রিকেটের ধ্রুপদি সংস্করণ টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তায় এখন ভাটার টান। অন্তত উপমহাদেশের দেশগুলোতে আয়োজিত টেস্ট সিরিজগুলো দেখলে তেমনটিই মনে হয়। আইসিসিও ভাবছে টেস্টকে নতুন মোড়ক দেওয়ার। দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলে ধরার। গোলাপি বলে দিনরাতের টেস্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। টেস্টের দৈর্ঘ্য কমিয়ে এটিকে চার দিনের করারও উদ্যোগ দেখা যাচ্ছে। টেস্টে নিয়ে সাবেক ক্রিকেটাররা অনেকেই অনেক মত দেন—সবই এর ভালোর জন্যই। কিন্তু ওয়াকার ইউনিস এটা কী বললেন!
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও গতি তারকার মাথায় টেস্টে ক্রিকেটের ‘উন্নতি’র লক্ষ্যে এক অদ্ভুত ভাবনা এসেছে। তিনি মনে করছেন, ১০ ওভারের ক্রিকেটটা টেস্ট ম্যাচের আদলে আয়োজন করলে কেমন হয়!
এ নিয়ে বিস্তারিত কিছু না বললেও তাঁর টুইট বার্তায় এ নিয়ে একটা ধারণা দিতে চেয়েছেন ওয়াকার, ‘১০ ওভার করে দুই ইনিংস। এর মধ্যেই লিড কিংবা ফলোঅনের মতো ব্যাপারগুলো হবে। নতুনত্ব এবং পরিবর্তনই এই যুগে এগিয়ে যাওয়ার উপায়। ভাবুন?’
এই অদ্ভুত ধারণার কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন রীতিমতো ভিলেন সাবেক এই ফাস্ট বোলার। টেস্ট ক্রিকেটকে যাঁরা ভালোবাসেন, তাঁরা ওয়াকারের এই ভাবনা যেন নিতেই পারছেন না। অনেকে তো তাঁর দিন শেষ বলে টুইটারে তাঁকে ঘুমিয়ে থাকারও পরামর্শ দিয়েছেন।