ওয়াকারের সঙ্গে 'বেয়াদবি' করেছিলেন শেহজাদ!

ঘটনাটা পুরোপুরিই পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ। সাজঘরের ভেতর কী হচ্ছে, সেগুলো বাইরের লোকেদের জানার কথাই নয়। কিন্তু পাকিস্তান ক্রিকেটের এক সাবেক শীর্ষ কর্তা যে সম্প্রতি এই ধরনের ঘটনাগুলোকে জনসম্মুখে নিয়ে আসার ‘দায়িত্ব’ কাঁধে তুলে নিয়েছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান ইজাজ বাটের ফাঁস করা তথ্যানুযায়ী এ বছরের শুরুতে বিশ্বকাপের আগে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ নাকি রীতিমতো বেয়াদবিই করেছিলেন। বেয়াদবির মাত্রা এতটাই ছিল যে ক্ষুব্ধ-ব্যথিত ওয়াকার নাকি কোচের পদ থেকে সরে যেতে চেয়েছিলেন।
ইজাজের ভাষ্যমতে, ওয়াকার সেই ঘটনার পর নাকি তাঁর পদত্যাগপত্রও পিসিবি সভাপতি শাহরিয়ার খানের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। শাহরিয়ার খান পদত্যাগপত্র গ্রহণ না করে এ ব্যাপারে ‘বরফ গলানো’র দায়িত্ব দিয়েছিলেন তাঁকেই, ‘শাহরিয়ার খান আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন। আমি ওয়াকারের সঙ্গে গিয়ে কথা বলি। সে শেহজাদের কিছু আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। সে পদত্যাগই করতে চেয়েছিল। কিন্তু আমি বিশ্বকাপের কথা বলে ওকে থামাই।’
কিন্তু ওয়াকার পদত্যাগ করতে চেয়েছিলেন দলের অন্দরে তাঁর কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে যাওয়ায়। এই ব্যাপারে সবচেয়ে এগিয়ে ছিলেন শেহজাদই। ব্যাপারটা পিসিবি সভাপতি শাহরিয়ার খানও খুব ভালো চোখে দেখেননি।
কোচের সঙ্গে একজন খেলোয়াড় হিসেবে শেহজাদের এই আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই মনে করেছিলেন তিনি। সে সময় ওয়াকারের সঙ্গে শেহজাদের এই আচরণের সাক্ষী দলের ম্যানেজার নাভিদ ইকরাম চিমাও। সিরিজের পর চিমাও শাহরিয়ার খানের কাছে বিষয়টা নিয়ে প্রতিবেদন জমা দিয়েছিলেন। সূত্র: পিটিআই।