
এই বিশ্বকাপে শেন ওয়াটসনের সহজ শুরু বলে কিছু নেই! একটি ইনিংস খেলেছেন বিশ্বকাপে, ইংল্যান্ডের বিপক্ষে সেটিতে আউট হয়েছেন প্রথম বলেই। পরশু বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। অকল্যান্ডে সংবাদ সম্মেলনের শুরুতেই তাঁর দিকে ছুটে গেল একটি গোলা, ‘আপনি কি মানছেন, দলে আপনার জায়গা সংকটে? শনিবারের ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ?’
প্রথম ম্যাচে স্টুয়ার্ট ব্রডের বলটিও দারুণ ছিল, যেটির জবাব জানা ছিল না ওয়াটসনের। মাইক্রোফোনের সামনেও আচমকা বাউন্সারে যেন হকচকিয়ে গেলেন। তবে সেটি তো আর ২২ গজ নয় যে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে শট খেলার! ওয়াটসন তাই প্রশ্ন শুনে থমকে গেলেন। সময় নিয়ে বললেন, ‘শুরুর জন্য বেশ হার্ড হিটিং প্রশ্ন। দলে জায়গার ব্যাপার আলাদা, কিন্তু এমনিতেও রানে ফেরার জন্য এই ম্যাচ আমার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে প্রথম বলটিই সামলাতে না পারা ছিল হতাশার। তবে যেটা বললাম, রান করা গুরুত্বপূর্ণ সব সময়ই। আমি সম্ভব সবকিছুই করে যাচ্ছি। বিশ্বকাপ তো এই নিয়ে কম খেলছি না, প্রত্যাশার মাত্রাটা জানি। এ জন্যই এটাও জানি, সব সময় সবকিছু ভাবনামতো এগোয় না।’
তা ওয়াটসন যা-ই বলুন বা ভাবুন, বাস্তবতা হলো একাদশে জায়গা তাঁর সত্যিই হুমকির মুখে। ব্যাটে রান নেই, বলে নেই আগের ধার। সবশেষে ১২ ম্যাচে উইকেট মাত্র দুটি! একসময় যতটা অপরিহার্য ছিলেন ওয়ানডে দলে, এখন ততটা মোটেও নন। নিজের বাজে ফর্মের সঙ্গে যোগ হয়েছে জেমস ফকনার, মিচেল মার্শদের মতো পেস বোলিং অলরাউন্ডারের উত্থান। ফকনার চোটে আছেন বলেই হয়তো কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন ওয়াটসন। ফকনার ফিরলে একাদশে তিনি ‘অটোমেটিক চয়েস।’ এমনিতেই মাইকেল ক্লার্ক ফেরায় একাদশের বাইরে যেতে হচ্ছে জর্জ বেইলিকে। ফকনারও ফিরলে আরেকজনকে ছাড়তে হবে জায়গা। সেই দুর্ভাগা হবেন কে?
ওয়াটসন পারেন এই প্রশ্নের উত্তর জটিল করে দিতে, পারেন সহজ করে দিতেও। ব্যর্থতার ধারা তাসমান সাগরের ওপারেও চলতে থাকলে হিসাব সহজ হয়ে যাবে অনেকটাই। আর ওয়াটসন যদি ফিরে পান নিজেকে, তখন বিকল্প ভাবতে হবে নির্বাচকদের। ক্রিকইনফো, এএফপি।