ওয়াটসন-হাডিন কাঠগড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থতা পুরো অস্ট্রেলিয়া দলেরই। তবে অ্যাশেজের প্রথম টেস্ট হারের পর অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের কাঠগড়ায় শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিন। প্রশ্ন উঠে যাচ্ছে তাঁদের ভবিষ্যৎ নিয়েও। সব আলোচনাতেই ঘুরেফিরে আসছে বয়সের কথা। ওয়াটসনের বয়স এখন ৩৪, হাডিনের ৩৭।
কার্ডিফে দুই ইনিংস মিলিয়ে ওয়াটসনের রান ৪৯। সর্বশেষ ১৬ ইনিংসে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের ফিফটি মাত্র দুটি। বোলিংয়েও এই সময়ে পেয়েছেন মাত্র ৭ উইকেট। তাঁর চেয়েও বাজে অবস্থা সতীর্থ ব্র্যাড হাডিনের। ৩৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান উইকেটকিপারের সর্বশেষ ২২ ইনিংসে মাত্র একটি ফিফটি, কার্ডিফে দুই ইনিংস মিলে করেছেন ২৯ রান। এর চেয়েও বড় কথা দুর্দান্ত সেঞ্চুরি করে যে জো রুট ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন, হাডিন সেই রুটের ক্যাচ ফেলেছিলেন শূন্য রানে!
বেশির ভাগ অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের কথার সুর, ওয়াটসন-হাডিন দুজনকেই বয়সে ধরেছে। অস্ট্রেলিয়ান টেলিভিশন এবিসির স্পোর্টস ওয়েবসাইটের এক কলামে ওয়াটসন সম্পর্কে লেখা হয়েছে, ‘মনে হচ্ছে তাঁর সময় শেষ। সমালোচকদের কারণে নয়, নিজের কারণেই। তাঁর আত্মবিশ্বাসের অভাবটা পরিষ্কার ফুটে উঠছে।’ ব্যাটিংয়ে বাজে ফর্ম হাডিনের কিপিংয়ে প্রভাব ফেলছে বলেও সাধারণ মত। এএফপি।