ওয়ানডে অধিনায়ক ওয়াহাব রিয়াজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ার্টার ফাইনালের ওয়াহাব রিয়াজ l ফাইল ছবি
কোয়ার্টার ফাইনালের ওয়াহাব রিয়াজ l ফাইল ছবি

এবারের বিশ্বকাপে সেরা দলটা নিয়ে নামতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপ শুরুর আগে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়ায় অফ স্পিনার সাঈদ আজমল নিজেই সরে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপ শুরুর আগেই অস্ট্রেলিয়া থেকেই চোট কেড়ে নেয় মোহাম্মদ হাফিজকে। বিশ্বকাপের মাঝপথে চোট শেষ করে দেয় মোহাম্মদ ইরফানের বিশ্বকাপ। তার পরও খেলাটা ওয়ানডে বলেই বিশ্বকাপে আশাবাদী ছিল পাকিস্তানি সমর্থকেরা, কারণ পাকিস্তান সব সময়ই এক শক্ত দল। অবশ্য শুরুতে ভারত-ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে খুঁড়িয়ে খুঁড়িয়েই বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে ওঠায় পাকিস্তানকে নিয়ে আবার আশায় বুক বাঁধে সমর্থকেরা। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে মিসবাহ-আফ্রিদিদের হতাশাজনক পারফরম্যান্সে তাঁরা ক্ষুব্ধ। এক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজের একটা আগুনে স্পেল ছাড়া পাকিস্তান দলের মধ্যে লড়াই-ই দেখা যায়নি। এই ব্যর্থতা ক্ষুব্ধ করে তোলে সমর্থকদের, তাই কুশপুতুল পুড়ছে ক্রিকেটারদের। পাকিস্তানের এমন বাজে পারফরম্যান্সে অন্য সবার মতো ব্যথিত পেসার ওয়াহাব রিয়াজও। বিশ্বকাপে পাকিস্তানের সফলতম বোলার তাই ক্ষুব্ধ ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন, ‘আমি দুঃখিত এবং হারের জন্য পাকিস্তানের জনগণের কাছে ক্ষমা চাইছি। কারণ তারা আমাদের কাছে অনেক প্রত্যাশা করেছিল।’ তবে দলের এমন দুঃসময়ে বৈরী আচরণ নয়, সমর্থকদের পাশে থাকাটাই এই বাঁহাতি পেসারের কাছে বেশি কাম্য, ‘আমি মনে করি এখন প্রয়োজনের চেয়েও বেশি সময় আমাদের পাশে থাকবেন সমর্থেকরা।’ রিয়াজ যে শুধু মাঠে আগুনে বোলিং করতে জানেন, তা নয়, সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তাঁদের সহযোগিতাও চাইতে জানেন। তিনি যে দল-অন্তঃপ্রাণ। দলের জন্য বুক চিতিয়ে লড়েন, ভালো-মন্দটা বোঝেন।
রিয়াজের এই গুণটি রমিজ রাজার চোখে ধরা পড়েছে আগেই। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ও ধারাভাষ্যকার তাই তাঁকেই চান পাকিস্তানের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে। ‘এই আগ্রাসন, অনুরাগ ও আবেগের জন্য ওয়াহাব বড় এক নেতা হয়ে উঠতে পারে’—ক্রিকইনফোকে বলেছেন রমিজ। যদিও নেতৃত্বগুণ দেখে উদীয়মান কোনো ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার পক্ষে। তবে এ মুহূর্তে দলের কারও ওপর নেতৃত্বভার দেওয়া ছাড়া উপায় নেই। বিশ্বকাপ শেষেই মিসবাহ-উল-হক তাঁর পূর্ব ঘোষণামতো ওয়ানডে থেকে চলে গেছেন অবসরে। দ্রুতই ওয়ানডে দলের নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে পাকিস্তানকে। আগামী এপ্রিল-মে মাসেই যে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসতে হবে তাদের। এনডিটিভি, ক্রিকইনফো।