ওয়ানডে অধিনায়কত্ব ছাড়তে হচ্ছে আজহারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে অধিনায়কত্ব ছাড়তে হচ্ছে আজহারকে। ছবি: এএফপি।
ওয়ানডে অধিনায়কত্ব ছাড়তে হচ্ছে আজহারকে। ছবি: এএফপি।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ভালো খেলতে পারছে না পাকিস্তান। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দলটির পারফরম্যান্স একেবারেই বাজে। তাই নতুন করে সবকিছু ভাবছে পাকিস্তান বোর্ড। ৫০ ওভারের ক্রিকেটে দলের টানা খারাপ খেলায় দায় নিতে হচ্ছে অধিনায়ক আজহার আলীকে। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে তাঁর ওয়ানডে অধিনায়কত্ব শুরু। ৩৩টি ওয়ানডেতে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন ১৫টি। শিগগিরই তাই আজহারকে সরিয়ে ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজ আহমেদের হাতে।

প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের ইচ্ছা ওয়ানডের নেতৃত্ব থেকে আজহারকে সরিয়ে দেওয়া। তবে টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক অবসরে গেলে আজহারকে টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া চিন্তাভাবনা আছে বোর্ডের। ওয়ানডেতে ভালো কিছু করতে না পারলেও অস্ট্রেলিয়া সফরে টেস্টে দুর্দান্ত খেলেছেন আজহার। এই সফরে একটি ডাবল সেঞ্চুরিও আছে তাঁর নামের পাশে।

ওদিকে, পাকিস্তান টেস্ট দল নিয়েও নাকি নতুন করে ভাবছেন ইনজামাম। মার্চ-এপ্রিলের ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষে অবসরে যাওয়ার সম্ভাবনা আছে মিসবাহ-উল-হক ও ইউনিস খানের। ব্যাপারটা নিয়ে দুজনের সঙ্গেই আলোচনায় বসতে পারে বোর্ড। জানতে চাওয়া হবে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা। তবে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে মিসবাহই থাকবেন অধিনায়ক। অনুরোধ করা হবে ক্যারিবীয় সফরেই যেন অবসরের ঘোষণাটা না দেন। ইউনিস খানকেও একই অনুরোধ করা হবে। টেস্ট ক্যারিয়ারে ১০ হাজার রানের মাইফলকে পা রাখার দুয়ারে দাঁড়িয়ে থাকা ইউনিস ওয়েস্ট ইন্ডিজ সফরেই অবসরের ঘোষণা দিতে পারেন, এমনটাই অনুমান পাকিস্তানের ক্রিকেট মহলের।