
টেস্ট অভিষেকে সেঞ্চুরির সংখ্যা ১০০ পেরিয়েছে গত বছর। কিন্তু ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির সংখ্যা শুধু দুই অঙ্ক ছুঁল কাল। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে কাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন হংকংয়ের মার্ক চ্যাপম্যান। আইসিসির সহযোগী সদস্যদেশগুলোর ব্যাটসম্যানদের মধ্যে অভিষেকে সেঞ্চুরি পাওয়া প্রথম ব্যাটসম্যান চ্যাপম্যান। এই বাঁহাতির অপরাজিত ১২৪ রানের ইনিংসটি ওয়ানডে অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামও করছিলেন ১২৪ রান। তবে ইনগ্রাম অপরাজিত ছিলেন না। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ১৪৮ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স (বিপক্ষ অস্ট্রেলিয়া, ১৯৭৮)। এ ছাড়া ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, পাকিস্তানের সেলিম এলাহি, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও রব নিকোল, অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ ও ইংল্যান্ডের মাইকেল লাম্ব।